ইসরাইল থেকে অত্যাধুনিক সামরিক সরঞ্জাম কিনেছে কাতার ও সৌদি

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

ইসরাইল থেকে অত্যাধুনিক সামরিক সরঞ্জাম কিনেছে কাতার ও সৌদি
ছবি: সংগৃহীত

ইসরাইল থেকে অত্যাধুনিক সামরিক সরঞ্জাম কিনেছে সৌদি আরব ও কাতার। এরমধ্যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং এফ-১৫ যুদ্ধবিমানের জন্য কম্পিউটারাইজড ব্যাটল হেলমেটও রয়েছে। ইসরাইলি সংবাদমাধ্যম হারেৎজ এ তথ্য জানিয়েছে।

বিভিন্ন উৎস থেকে পাওয়া ছবি ও নথিপত্র বিশ্লেষণ করে হায়ারেৎজ জানায়, কাতারের রাজপরিবারের ১১টি বিমানের মধ্যে তিনটিতে এলবিটের সি-মিউজিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে। ২০২০ থেকে ২০২২ সালের মধ্যে সুইজারল্যান্ডের বাসেলে বিমানগুলোর রক্ষণাবেক্ষণের সময় এগুলো স্থাপন করা হয়েছিল।

বিজ্ঞাপন

প্রতিবেদন অনুসারে, গত বছর যখন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি তেহরান সফর করেন, তখন তার বিমানটি ইসরাইলভিত্তিক এলবিট সিস্টেমস দ্বারা নির্মিত সি-মিউজিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে সজ্জিত ছিল।

একটি অত্যাধুনিক রাডার সিস্টেম ব্যবহার করে, সি-মিউজিক ধেয়ে আসা ম্যানপ্যাড (কাঁধে বহনযোগ্য ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র) শনাক্ত করে এবং একটি অত্যন্ত শক্তিশালী লেজার রশ্মি দিয়ে সেগুলোকে প্রতিহত করে। এই সিস্টেমটি বিমানের বিভিন্ন অংশে স্থাপন করা যায় এবং এটি পরিচালনা করাও সহজ, যার জন্য কোনো বিশেষ প্রশিক্ষণের প্রয়োজন হয় না।

এটি ইসরাইলের প্রধানমন্ত্রীর বিমান ‘উইংস অব জায়ন’ এবং ফরাসি প্রেসিডেন্টের বিমানসহ অন্যান্য বিমানেও ব্যবহৃত হয়।

প্রতিবেদনে আরো বলা হয়, ২০১৭ সালে কাতারের কাছে মার্কিন এফ-১৫ কিউএ আবাবিল যুদ্ধবিমান বিক্রির চুক্তিপত্র থেকে জানা গেছে, ইসরাইলি কোম্পানিগুলো এই যুদ্ধবিমানের উন্নত যন্ত্রাংশ ও ব্যবস্থা সরবরাহের জন্য ১৫ থেকে ২৫ কোটি ডলারের উপ-চুক্তি জিতেছে। এর মধ্যে প্রতিটি ২ লাখ ডলার মূল্যের ১৬০টি জেএইচএমসিএস হেলমেট এবং এএন/এভিএস-৯ নাইট-ভিশন চশমা অন্তর্ভুক্ত ছিল।

২০১০ সালের মার্কিন প্রতিরক্ষা দপ্তরের একটি বিবৃতির বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, সৌদি আরবের কাছে এফ-১৫এসএ বিমান বিক্রির চুক্তির অংশ হিসেবে রিয়াদকে ৪৬২টি জেএইচএমসিএস হেলমেট এবং সমপরিমাণ নাইট-ভিশন চশমা দেওয়া হয়েছিল। এসব কাতারের কাছে বিক্রি করা মডেলেরই অনুরূপ ছিল। ইন্টারনেট ফুটেজে এই হেলমেটগুলো ব্যবহারের প্রমাণ পাওয়া গেছে।

এতে বলা হয়, অনলাইন ফুটেজে হেলমেটগুলো ব্যবহার হতে দেখা যায়।

ইসরাইলের সঙ্গে সৌদি আরব ও কাতার কোনো দেশেরই কূটনৈতিক সম্পর্ক বা প্রকাশ্য প্রতিরক্ষা সংযোগ নেই।

তবে, ২০২৩ সালের ৭ অক্টোবরের হামাস ইসরাইলে হামলা করার আগের বছর ও মাসগুলোতে ব্যাপকভাবে খবর প্রকাশিত হয়েছিল যে, সৌদি আরব ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার কথা বিবেচনা করছে।

সূত্র: টাইমস অব ইসরাইল

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন