ইউরোপের দেশ স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে এক দিনে রেকর্ডসংখ্যক অভিবাসীর আগমন ঘটেছে। শনিবার ১৪টি নৌকায় করে প্রায় দেড় হাজার অভিবাসী দ্বীপপুঞ্জটিতে পৌঁছেছেন। ২০২০ সালের পর এক দিনে এটিই সর্বোচ্চসংখ্যক অভিবাসী আগমনের ঘটনা।
রোববার সামুদ্রিক উদ্ধারকারী সংস্থার বরাত দিয়ে বার্তা সংস্থা ইএফই এ তথ্য জানিয়েছে। সংস্থাটির তথ্য অনুযায়ী, স্পেনের কোস্টগার্ডের সহায়তায় মোট ১ হাজার ৪৮৮ জন অভিবাসীকে ১৪টি নৌকা থেকে উদ্ধার করা হয়েছে।
এর আগে ২০২০ সালের ৭ নভেম্বর এক দিনে সর্বোচ্চ ১ হাজার ৪৬১ জন অভিবাসীকে উদ্ধারের রেকর্ড ছিল। শনিবারের ঘটনা সেই রেকর্ড ছাড়িয়ে গেছে।
গত অক্টোবর থেকে পশ্চিম আফ্রিকার বিভিন্ন দেশ থেকে ক্যানারি দ্বীপপুঞ্জে অভিবাসীদের আগমন উল্লেখযোগ্যভাবে বেড়েছে। চলতি বছরের প্রথম ১০ মাসে গত বছরের একই সময়ের তুলনায় অভিবাসী আগমনের হার কিছুটা কম থাকলেও গত মাসে আকস্মিকভাবে তা বেড়ে যায়। এতে দ্বীপপুঞ্জের কিছু অঞ্চলে, বিশেষ করে ছোট ও কম জনবহুল দ্বীপগুলোর অভ্যর্থনা কেন্দ্র এবং জরুরি সেবা ব্যবস্থার ওপর চাপ তৈরি হয়েছে।
উদ্ধার হওয়া অভিবাসীদের মধ্যে অধিকাংশই সেনেগাল, গাম্বিয়া ও গিনি কোনাক্রির নাগরিক। শনিবার উদ্ধার হওয়া একটি নৌকায় ১২ জন নারী ও ৩৬ শিশুসহ মোট ২৪০ জন যাত্রী ছিলেন। তাদের এল হিয়েরো দ্বীপে নেওয়া হয়েছে।
এ ছাড়া এল হিয়েরোতে ১২টি নৌকা পৌঁছেছে। গ্রান ক্যানারিয়ায় একটি এবং টেনেরিফে আরো নৌকা ভিড়েছে। পরিস্থিতি পর্যালোচনা ও অভিবাসীদের আকস্মিক আগমন নিয়ে আলোচনা করতে রোববার এল হিয়েরো দ্বীপ সফরের কথা রয়েছে স্পেনের আঞ্চলিক নীতিবিষয়ক মন্ত্রী আনহেল ভিক্টর তোরেসের।
পশ্চিম আফ্রিকা থেকে ক্যানারি দ্বীপপুঞ্জে যাওয়ার আটলান্টিক রুটটি বিশ্বের অন্যতম বিপজ্জনক অভিবাসন পথ হিসেবে পরিচিত। প্রতিকূল সমুদ্র, তীব্র স্রোত এবং দীর্ঘ পথ পাড়ি দিয়ে স্পেনে পৌঁছানোর আশায় প্রতিবছর হাজার হাজার মানুষ অতিরিক্ত যাত্রীবোঝাই নৌকায় এই ঝুঁকিপূর্ণ যাত্রা করেন।
সাধারণত শরৎকালে এ পথে সমুদ্রের আবহাওয়া তুলনামূলক অনুকূলে থাকে। ফলে এ সময় অভিবাসীদের যাতায়াত বেড়ে যায়। স্পেনের সরকারি হিসাব অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩১ অক্টোবর পর্যন্ত ক্যানারি দ্বীপপুঞ্জে অভিবাসী আগমনের হার গত বছরের একই সময়ের তুলনায় ৫ দশমিক ৫ শতাংশ কম ছিল।
সূত্র: রয়টার্স
এআরবি
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


