জার্মানির গোয়েন্দা সংস্থাগুলোকে নজিরবিহীন ক্ষমতা দিয়েছে দেশটির পার্লামেন্ট। এখন থেকে নির্দিষ্ট পরিস্থিতিতে শত্রুপক্ষের কম্পিউটার নেটওয়ার্কে অনুপ্রবেশ, হ্যাকিং এবং তাদের কার্যক্রম ব্যাহত করতে পারবে সংস্থাগুলো। গুপ্তচরবৃত্তি, সাইবার হামলা ও বিদেশি হুমকি মোকাবিলায় গোয়েন্দা সংস্থাগুলোর ক্ষমতা বাড়ানোর অংশ হিসেবে শুক্রবার এ আইন অনুমোদন করা হয়।
জার্মানির পার্লামেন্ট বুন্ডেসটাগে আইনটি ৩০৮ ভোটে পাস হয়। বিপক্ষে ভোট দেন ১৯০ জন। ভোটদানে বিরত ছিলেন ৭১ জন। ক্ষমতাসীন ক্রিশ্চিয়ান ডেমোক্র্যাটস ও সোশ্যাল ডেমোক্র্যাটস আইনটির পক্ষে ভোট দেয়। অন্যদিকে উগ্র ডানপন্থি দল অল্টারনেটিভ ফর জার্মানি (এএফডি) এবং বামপন্থী দল ডি লিংকে এর বিরোধিতা করে।
নতুন আইনে জার্মানির বৈদেশিক গোয়েন্দা সংস্থা বুন্ডেসনাখরিশটেনডিয়েনস্ট (বিএনডি) এবং অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা ফেডারেল অফিস ফর দ্য প্রোটেকশন অব দ্য কনস্টিটিউশনের (বিএফভি) ক্ষমতা বাড়ানো হয়েছে। এত দিন সংস্থা দুটির প্রধান কাজ ছিল তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ। নতুন আইনে নির্দিষ্ট কিছু হুমকি মোকাবিলায় সরাসরি ব্যবস্থা নেওয়ার ক্ষমতাও পাবে তারা।
জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী আলেক্সান্ডার ডব্রিন্ট আইনটিকে ‘শতাব্দীর সংস্কার’ হিসেবে উল্লেখ করেছেন। তার যুক্তি, সন্ত্রাসবাদ ও বিদেশি শত্রুপক্ষের তৎপরতা মোকাবিলায় জার্মানির আরো শক্তিশালী গোয়েন্দা সংস্থা প্রয়োজন।
সরকার বলছে, দেশের নিরাপত্তাব্যবস্থার একটি ঘাটতি পূরণ করবে এই সংস্কার। এত দিন গোয়েন্দা সংস্থাগুলো কোনো হুমকি শনাক্ত করতে পারলেও অনেক ক্ষেত্রে হস্তক্ষেপের ক্ষমতা ছিল না। বিশেষ করে অন্য কোনো সংস্থার দায়িত্ব বা ব্যবস্থা নেওয়ার সুযোগ না থাকলে তারা কার্যকর পদক্ষেপ নিতে পারত না।
নতুন কাঠামোর আওতায় গুরুতর হুমকি মোকাবিলায় বিএফভি প্রযুক্তিগত ব্যবস্থা নিতে পারবে। উদাহরণ হিসেবে কোনো হামলাকারীর সার্ভার থেকে চুরি করা তথ্য মুছে ফেলার ক্ষমতার কথা বলা হয়েছে।
অন্যদিকে, বিএনডি বিদেশে সৃষ্ট হুমকি মোকাবিলায় সরাসরি অভিযান চালাতে পারবে। এর মধ্যে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় পরিচালিত হ্যাকারদের ব্যবহৃত সার্ভারের কার্যক্রম ব্যাহত করার ক্ষমতাও থাকবে।
নতুন আইন অনুমোদনের পেছনে জার্মানির নিরাপত্তা উদ্বেগও বড় ভূমিকা রেখেছে। গত আগস্টে দেশটির লাইপজিগ-হালে বিমানবন্দরে ইউক্রেনের প্রতিষ্ঠান আন্তোনভ এয়ারলাইনসের একটি পণ্যবাহী বিমানের কাছে বিস্ফোরকবোঝাই একটি ড্রোন খুঁজে পান কর্তৃপক্ষ। এ ঘটনার সঙ্গে মস্কোর সংশ্লিষ্টতা রয়েছে বলে অভিযোগ ওঠে।
বার্লিন আনুষ্ঠানিকভাবে রাশিয়ার বিরুদ্ধে রাষ্ট্রীয় মালিকানাধীন ওই স্থাপনায় হামলার চেষ্টা চালানোর অভিযোগ আনে। স্বরাষ্ট্রমন্ত্রী ডব্রিন্ট বলেন, বিমানবন্দরে পাওয়া ড্রোনটি রাশিয়ার প্রযুক্তির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে দেশটির গোয়েন্দা সংস্থাগুলো নিশ্চিত হয়েছে।
তবে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে মস্কো। অভিযোগের পর বন শহরে রাশিয়ার কনস্যুলেট জেনারেল এবং বার্লিনে রাশিয়ান হাউস নামের সাংস্কৃতিক কেন্দ্র বন্ধ করে দেয় জার্মানি। পাল্টা পদক্ষেপ হিসেবে রাশিয়া সেন্ট পিটার্সবার্গে জার্মানির একটি কনস্যুলেট এবং গ্যোটে ইনস্টিটিউট বন্ধের নির্দেশ দেয়।
আলজাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে গবেষণাপ্রতিষ্ঠান কোরবার ফাউন্ডেশনের কর্মসূচি পরিচালক ফ্লোরিয়ান বিগে বলেন, ‘এই সংস্কার মূলত যুগান্তকারী পরিবর্তনের (জাইটেনভেন্ডে) সরাসরি ফল। ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসন শুরুর পর থেকে জার্মানির পররাষ্ট্রনীতিতে যেসব চ্যালেঞ্জ তৈরি হয়েছে, তার সঙ্গেও এটি ঘনিষ্ঠভাবে যুক্ত।’
বিগে বলেন, ২০২৪ সাল থেকেই বিএনডি প্রকাশ্যে তাদের ক্ষমতা বাড়ানোর দাবি জানিয়ে আসছিল। আন্তর্জাতিক পরিস্থিতি ক্রমেই অনিশ্চিত হয়ে ওঠার মধ্যে পার্লামেন্টে এ অনুমোদন দেওয়া হলো।
তার ভাষায়, সাম্প্রতিক বছরগুলোতে নিরাপত্তা পরিস্থিতি মৌলিকভাবে বদলে গেছে। এর প্রধান কারণ রাশিয়া। দেশটির বিরুদ্ধে নাশকতা, সাইবার হামলা ও ড্রোন ব্যবহারের অভিযোগ রয়েছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের নীতির অনিশ্চয়তা এবং দেশটির গোয়েন্দা তথ্য আদান-প্রদান কমে যাওয়ার আশঙ্কাও জার্মানির উদ্বেগ বাড়িয়েছে।
ডব্রিন্ট শুক্রবার বলেন, নতুন আইন কার্যকর হলে জার্মানির গোয়েন্দা সংস্থাগুলো ইউরোপের অন্য দেশগুলোর সমপর্যায়ের ক্ষমতা পাবে।
এর আগে পার্লামেন্টে আলোচনার সময় মন্ত্রীরা যুক্তি দিয়েছিলেন, গুরুতর কোনো হুমকি ঠেকাতে অন্য কর্তৃপক্ষ ব্যর্থ হলে বিএনডি নীরব থাকতে পারে না। এদিকে বুন্ডেসটাগে বক্তব্য দেওয়া বিশেষজ্ঞরা বলেছিলেন, পশ্চিমা দেশগুলোর গোয়েন্দা সংস্থার তুলনায় জার্মানির সংস্থাগুলোর আধুনিক হস্তক্ষেপের ক্ষমতা নেই।
তবে নতুন আইন নিয়ে বিরোধী দলগুলোর আপত্তি রয়েছে। বিশেষ করে ডি লিংকে ব্যক্তিগত গোপনীয়তা এবং গোয়েন্দা তথ্য সংগ্রহের কাজের সঙ্গে পুলিশের কার্যক্রমের ঐতিহাসিক বিভাজন নিয়ে উদ্বেগ জানিয়েছে।
আইনটির বিরোধিতা করে পার্লামেন্টে দেওয়া এক প্রস্তাবে দলটি বলেছে, এর গুরুত্বপূর্ণ কয়েকটি ধারা সংবিধানের নির্ধারিত মানদণ্ড পূরণ করে না। বিশেষ করে আড়িপাতা ও নজরদারির মতো হস্তক্ষেপমূলক ক্ষমতার ক্ষেত্রে সাংবিধানিক সীমা লঙ্ঘনের আশঙ্কা রয়েছে।
ডি লিংকের আশঙ্কা, নতুন ক্ষমতার ফলে কার্যত জার্মানিতে একটি গোপন পুলিশ বাহিনী তৈরি হতে পারে। দেশটির ইতিহাসে এ ধরনের আশঙ্কার বিশেষ তাৎপর্য রয়েছে। কারণ, ১৯৫০ থেকে ১৯৯০ সাল পর্যন্ত পূর্ব জার্মানিতে স্টাসি নামে একটি গোপন পুলিশ বাহিনী সক্রিয় ছিল।
গত সেপ্টেম্বরে বার্লিনের নগর-রাজ্য পার্লামেন্ট নির্বাচনে ২৫ দশমিক ৭ শতাংশ ভোট পেয়ে জয়ী হয় ডি লিংকে। পরে জোট সরকার গঠন করে মেয়র নিয়োগের সুযোগ পায় দলটি।
বিগে বলেন, এখন পর্যন্ত আইনটির সমালোচনা মূলত বিরোধী দলের আইনপ্রণেতা ও নাগরিক অধিকার সংগঠনগুলোর পক্ষ থেকে এসেছে। তবে রাষ্ট্র বিদেশে কী ধরনের পদক্ষেপ নিতে পারবে, সেই ক্ষমতা বাড়ানোর বিষয়টি নিয়ে সামনে আরও বড় পরিসরে জনআলোচনা হতে পারে।
তিনি বলেন, ‘জার্মানির মানুষ আরও সক্রিয় ভূমিকা দেখতে চায়।’ তবে তার মতে, মানুষ মূলত কূটনৈতিক সম্পৃক্ততার কথাই বোঝায়।
আইনটির প্রধান ধারাগুলো আগামী ৩১ ডিসেম্বর থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে। তবে এর আগে আইন প্রণয়নের বাকি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
এএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন



