পৃথিবীকে হত্যা করা হচ্ছে, বাঁচাতে নিজেদেরই লড়তে হবে: গ্রেটা থুনবার্গ

পৃথিবীকে হত্যা করা হচ্ছে, বাঁচাতে নিজেদেরই লড়তে হবে: গ্রেটা থুনবার্গ
সুইডিশ পরিবেশবাদী আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গ বৃহস্পতিবার তুরস্কের আনতালিয়ায় সংবাদ সম্মেলনে কথা বলছেন। ছবি: দ্য গার্ডিয়ান।

জলবায়ু সংকট নিয়ে বিশ্বনেতাদের নিষ্ক্রিয়তার তীব্র সমালোচনা করেছেন সুইডিশ পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গ। তিনি বলেছেন, পৃথিবী নিজে নিজে ধ্বংস হচ্ছে না, বরং পরিকল্পিতভাবে একে হত্যা করা হচ্ছে এবং কারা এ কাজ করছে, তা সবার জানা।

বিজ্ঞাপন

তুরস্কের আন্তালিয়ায় চলমান কপ৩১ জলবায়ু সম্মেলনে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

থুনবার্গ বলেন, ‘যাদের আমাদের রক্ষায় এগিয়ে আসার কথা, তারাই পৃথিবীকে হত্যা করছে। আমাদের রক্ষা করতে কেউ আসছে না।’

তিনি আরো বলেন, রাষ্ট্র ও বিভিন্ন প্রতিষ্ঠান যখন মানুষের মানবাধিকার হুমকির মুখে ফেলে, তখন সবার অধিকার রক্ষায় সোচ্চার হওয়া এবং দায়িত্বশীল ভূমিকা পালন করা প্রত্যেকের কর্তব্য।

সংবাদ সম্মেলনে নেপাল, অস্ট্রেলিয়া, ফিলিস্তিন ও কানাডার কয়েকজন পরিবেশ ও মানবাধিকারকর্মীও উপস্থিত ছিলেন। তারা জলবায়ু সংকট মোকাবিলায় বিভিন্ন সরকারের নিষ্ক্রিয়তার সমালোচনা করেন। একই সঙ্গে ইসরাইলে তুরস্কের জ্বালানি সরবরাহ বন্ধের আহ্বান জানান। থুনবার্গের ভাষায়, ফিলিস্তিনে চলমান গণহত্যার সঙ্গে এই জ্বালানি সরবরাহের সরাসরি সম্পর্ক রয়েছে।

তিনি সতর্ক করে বলেন, বিশ্ব এমন এক ভবিষ্যতের দিকে এগোচ্ছে, যেখানে আরো গণহত্যা, পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ড এবং মানুষের মৌলিক অধিকার হরণের ঘটনা ঘটবে। একসময় মানুষের মৌলিক প্রয়োজনগুলোও বিলাসিতায় পরিণত হবে।

থুনবার্গ বলেন, এ ধরনের আন্তর্জাতিক সম্মেলনে পরিস্থিতি যে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, তা আরো স্পষ্ট হয়ে উঠছে। পৃথিবী নিজে ধ্বংস হচ্ছে না, বরং একে হত্যা করা হচ্ছে।

২০২১ সালে গ্লাসগোতে অনুষ্ঠিত কপ২৬ সম্মেলনের পর এবারই প্রথম কোনো কপ সম্মেলনে অংশ নিচ্ছেন থুনবার্গ। গ্লাসগো সম্মেলনে জলবায়ু আলোচনাকে ‘ব্লা ব্লা ব্লা’ বলে সমালোচনা করেছিলেন তিনি।

গত কয়েক বছরে জলবায়ু সংকটের পাশাপাশি ফিলিস্তিনিদের দুর্দশাসহ বিভিন্ন মানবাধিকার ইস্যুতেও সক্রিয় হয়েছেন এই পরিবেশকর্মী। আন্তালিয়ায় সম্মেলনস্থলে তার উপস্থিতি নিয়ে প্রতিনিধিদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যায়। সংবাদ সম্মেলন শেষে অনেকেই তার সঙ্গে কথা বলতে ভিড় করেন।

সূত্র: দ্য গার্ডিয়ান

এমএমআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...