স্কাউট সদস্যদের ওপর হামলার দাবি

আইইবি নির্বাচনে বিশৃঙ্খলা ও অনিয়মের পাল্টাপাল্টি অভিযোগ

আইইবি নির্বাচনে বিশৃঙ্খলা ও অনিয়মের পাল্টাপাল্টি অভিযোগ

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)-এর নির্বাচনে ভোটগ্রহণ চলাকালে অনিয়ম, আচরণবিধি লঙ্ঘন ও বিশৃঙ্খলার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটার দিকে আইইবির ঢাকা কেন্দ্রে সৃষ্ট হট্টগোলের জেরে শৃঙ্খলার দায়িত্বে থাকা একাধিক স্কাউট সদস্যের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে।

বিজ্ঞাপন

প্রতিদ্বন্দ্বী কয়েকটি প্যানেলের প্রার্থীদের অভিযোগ, নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা কর্মকর্তাদের নিষ্ক্রিয়তার সুযোগে বিএনপি-সমর্থিত হিসেবে পরিচিত ‘হলুদ প্যানেলের’ প্রার্থী ও তাদের প্রতিনিধিরা ভোটকেন্দ্রে প্রভাব বিস্তারের চেষ্টা করছেন। নিয়ম অনুযায়ী পোলিং অফিসারদের মাধ্যমে ব্যালট পেপার সরবরাহের কথা থাকলেও হলুদ প্যানেলের প্রতিনিধিরা নিজেরাই ভোটারদের হাতে ব্যালট তুলে দিচ্ছেন বলে অভিযোগ করা হয়। এ ছাড়া ভোটারদের আকৃষ্ট করতে কেন্দ্রের ভেতরে ও আশপাশে উপহারসামগ্রী বিতরণেরও অভিযোগ তোলেন তারা।

প্রত্যক্ষদর্শী ও অভিযোগকারী প্রার্থীদের দাবি, বিকেলের দিকে ভোটকেন্দ্রের বিশৃঙ্খলা ও অননুমোদিত তৎপরতায় বাধা দিতে গেলে হলুদ প্যানেলের কয়েকজন কর্মী-সমর্থক চড়াও হন। এ সময় শৃঙ্খলার দায়িত্বে থাকা একাধিক স্কাউট সদস্য লাঞ্ছিত ও হামলার শিকার হন বলে অভিযোগ ওঠে।

অভিযোগকারী প্রার্থীরা আরও জানান, এসব অনিয়মের বিষয়ে নির্বাচন কমিশনের কাছে মৌখিক ও লিখিত অভিযোগ জানানো হলেও কমিশন তাৎক্ষণিক কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে তারা অবিলম্বে কমিশনের হস্তক্ষেপ এবং ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

তবে এসব অভিযোগের বিষয়ে হলুদ প্যানেলের দায়িত্বশীল কোনো নেতা কিংবা নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের আনুষ্ঠানিক বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...