ভূমধ্যসাগরে সমুদ্রসীমা নির্ধারণে তুরস্কের সঙ্গে ২০১৯ সালে করা চুক্তিতে লিবিয়ার পূর্বাঞ্চলভিত্তিক পার্লামেন্টের অনুমোদনকে স্বাগত জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোয়ান। তিনি এ সিদ্ধান্তকে গুরুত্বপূর্ণ উল্লেখ করে আশা প্রকাশ করেছেন, এটি দুই দেশের জন্য ইতিবাচক ফল বয়ে আনবে।
বুধবার তুরস্কের রাজধানী আঙ্কারায় ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (একেপি) সংসদীয় দলের বৈঠকে এরদোয়ান এ প্রতিক্রিয়া জানান।
এরদোয়ান বলেন, লিবিয়ার প্রতিনিধি পরিষদ তুরস্ক ও লিবিয়ার মধ্যে সমুদ্রসীমা-সংক্রান্ত সমঝোতা স্মারক অনুমোদন করেছে। তিনি এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন, এটি দুই দেশের জন্য কল্যাণকর হবে বলে তিনি আশা করেন।
মঙ্গলবার লিবিয়ার পূর্বাঞ্চলভিত্তিক প্রতিনিধি পরিষদ সর্বসম্মতিক্রমে ২০১৯ সালের সমঝোতা স্মারকটি অনুমোদন করে। তুরস্ক ও লিবিয়ার তৎকালীন আন্তর্জাতিকভাবে স্বীকৃত জাতীয় ঐকমত্যের সরকারের মধ্যে ওই বছরের নভেম্বরে চুক্তিটি সই হয়েছিল। এর লক্ষ্য ছিল ভূমধ্যসাগরে দুই দেশের সামুদ্রিক এখতিয়ারভুক্ত এলাকার সীমানা নির্ধারণ।
চুক্তিটি অনুমোদনের পাশাপাশি তুরস্কের সঙ্গে করা চুক্তিগুলোর অনুমোদন প্রত্যাখ্যান করে ২০২০ সালে নেওয়া একটি সিদ্ধান্তও বাতিল করেছে লিবিয়ার পূর্বাঞ্চলভিত্তিক পার্লামেন্ট। এর মধ্য দিয়ে চুক্তিটি নিয়ে তাদের আগের বিরোধিতার অবস্থান থেকে সরে আসার ইঙ্গিত পাওয়া গেছে।
ভূমধ্যসাগরে সামুদ্রিক অধিকার ও জ্বালানি অনুসন্ধানের সুযোগ নিয়ে তুরস্ক ও গ্রিসের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ রয়েছে। তুরস্কের সঙ্গে লিবিয়ার এ চুক্তি গ্রিস ও সাইপ্রাসের আপত্তির মুখে পড়েছে। গ্রিসের দাবি, চুক্তিটি আন্তর্জাতিক আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এবং গ্রিক দ্বীপগুলোর সামুদ্রিক অধিকার উপেক্ষা করে। ফলে চুক্তিটির অনুমোদন পূর্ব ভূমধ্যসাগরে ভূরাজনৈতিক উত্তেজনা আরো বাড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এদিকে এরদোয়ান তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা নিয়েও কথা বলেছেন। তিনি জানান, তিন দেশের মধ্যে স্বাক্ষরিত যৌথ প্রতিরক্ষা চুক্তিটি অনুমোদনের জন্য তুরস্কের পার্লামেন্টে পাঠানো হয়েছে।
তুরস্ক ও লিবিয়ার সমুদ্রসীমা চুক্তি একদিকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের নতুন সুযোগ তৈরি করেছে, অন্যদিকে পূর্ব ভূমধ্যসাগরে সামুদ্রিক অধিকার ও আঞ্চলিক প্রভাব নিয়ে চলমান বিরোধে নতুন মাত্রা যোগ করেছে।
তথ্যসূত্র: আনাদোলু এজেন্সি, অ্যাসোসিয়েটেড প্রেস ও রয়টার্স
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


