তিন সন্তান হত্যার ঘটনায় মুখ খুললেন প্যাট্রিক ক্ল্যান্সি

তিন সন্তান হত্যার ঘটনায় মুখ খুললেন প্যাট্রিক ক্ল্যান্সি

যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসে তিন সন্তান হত্যার ঘটনায় অভিযুক্ত লিন্ডসে ক্ল্যান্সির সাবেক স্বামী প্যাট্রিক ক্ল্যান্সি প্রথমবারের মতো টেলিভিশনে কথা বলেছেন। মামলার বিচারকাজে জুরি কোনো সিদ্ধান্তে পৌঁছাতে না পারার পর ‘৬০ মিনিটস’ অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে তিনি সন্তানদের হারানোর বেদনা, সাবেক স্ত্রীর মানসিক অবস্থা এবং তাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া নানা ষড়যন্ত্রতত্ত্ব নিয়ে কথা বলেন।

২০২৩ সালের জানুয়ারিতে লিন্ডসে ক্ল্যান্সির হাতে তাদের তিন সন্তান—পাঁচ বছর বয়সী কোরা, তিন বছর বয়সী ডসন এবং আট মাস বয়সী ক্যালান—নিহত হয়। মামলায় লিন্ডসের পক্ষ থেকে বলা হয়েছিল, সন্তানদের হত্যার সময় তিনি প্রসব-পরবর্তী মানসিক বিকার বা পোস্টপার্টাম সাইকোসিসে ভুগছিলেন এবং নিজের কাজের জন্য তাকে অপরাধমূলকভাবে দায়ী করা উচিত নয়।

বিজ্ঞাপন

৪ সেপ্টেম্বর মামলার বিচারকাজে জুরি বিভক্ত হয়ে পড়লে বিচারক মিস্ট্রায়াল ঘোষণা করেন। ১২ সদস্যের জুরির মধ্যে ১১ জন লিন্ডসেকে অপরাধমূলকভাবে দায়ী না করার পক্ষে ছিলেন। একজন জুরি প্রসিকিউশনের বক্তব্যের সঙ্গে একমত হন। প্রসিকিউশন বলেছিল, লিন্ডসে কী করছেন তা তিনি বুঝতে পারছিলেন।

সাক্ষাৎকারে প্যাট্রিক বলেন, ২০২২ সালের শেষ দিকে তিনি প্রথম লিন্ডসের ঘুমের সমস্যা ও উদ্বেগের বিষয়টি লক্ষ্য করেন। পরে তার মানসিক অবস্থার অবনতি হলে তাকে একটি মনোরোগ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার ১৭ দিন পরই সন্তানদের হত্যার ঘটনা ঘটে।

প্যাট্রিক জানান, ঘটনার পর তিনি লিন্ডসেকে ক্ষমা করে দিয়েছেন। তার মতে, লিন্ডসের কর্মকাণ্ডের পেছনে মানসিক অসুস্থতা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। তিনি বলেন, তিনি তখন যে পরিস্থিতির মধ্যে ছিলেন, তাতে যতটা সম্ভব করার চেষ্টা করেছেন এবং এখন প্রতিদিন সেই ঘটনার পরিণতি নিয়ে বেঁচে আছেন।

সন্তানদের মৃত্যুর পর নিজের মানসিক অবস্থার কথাও সাক্ষাৎকারে তুলে ধরেন প্যাট্রিক। তিনি জানান, একসময় তার নিজের বেঁচে থাকার ইচ্ছাও হারিয়ে গিয়েছিল। পরে তিনি নিউইয়র্কে চলে যান এবং সন্তানদের স্মৃতি ধরে রেখে ধীরে ধীরে জীবনকে নতুনভাবে গুছিয়ে নেওয়ার চেষ্টা করেন।

সাক্ষাৎকারে প্যাট্রিকের সঙ্গে তার বর্তমান স্ত্রী র‌্যাচেল ড্যানিসও ছিলেন। তিনি প্যাট্রিকের শোকের সঙ্গে মানিয়ে নেওয়ার প্রক্রিয়া এবং সন্তানদের স্মৃতি ধরে রাখার বিষয়ে কথা বলেন।

মামলাটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে প্যাট্রিককে নিয়েও বিভিন্ন ষড়যন্ত্রতত্ত্ব ছড়িয়ে পড়ে। এসব বক্তব্যে তাকে সন্তানদের মৃত্যুর সঙ্গে কোনোভাবে যুক্ত করার চেষ্টা করা হয়েছে। প্যাট্রিক এসবকে তার সন্তানদের স্মৃতির জন্য ক্ষতিকর এবং প্রকৃত গুরুত্বপূর্ণ বিষয় থেকে মানুষের দৃষ্টি সরিয়ে দেওয়ার ঘটনা হিসেবে উল্লেখ করেন। তার মতে, আলোচনার কেন্দ্র হওয়া উচিত প্রসবকালীন ও প্রসব-পরবর্তী মানসিক স্বাস্থ্য।

লিন্ডসে ও প্যাট্রিক দুজনই সন্তানদের চিকিৎসা ও মানসিক স্বাস্থ্যসেবার সঙ্গে সংশ্লিষ্ট চিকিৎসক ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে আলাদা দেওয়ানি মামলা করেছেন। লিন্ডসে চিকিৎসায় অবহেলার অভিযোগ তুলেছেন, আর প্যাট্রিক সন্তানদের মৃত্যুর জন্য ক্ষতিপূরণ দাবি করেছেন।

এদিকে মিস্ট্রায়ালের পর লিন্ডসের বিরুদ্ধে নতুন করে বিচার শুরু হবে কি না, সে বিষয়ে প্রসিকিউটরদের সিদ্ধান্ত এখনো জানা যায়নি। তিনি বর্তমানে ম্যাসাচুসেটসের একটি হাসপাতালে আটক আছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন