ইরানের সঙ্গে চলমান যুদ্ধের মধ্যে যুক্তরাষ্ট্রের অস্ত্রভান্ডারে ঘাটতি দেখা দেওয়ায় দ্রুত উৎপাদন ও সরবরাহ বাড়ানোর জন্য দেশটির প্রতিরক্ষাশিল্পকে নির্দেশ দিয়েছে পেন্টাগন।
‘দ্য ওয়াশিংটন পোস্ট’-এর এক প্রতিবেদনে মার্কিন প্রতিরক্ষা বিভাগের একটি স্মারকলিপির বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে।
গত বুধবার প্রতিরক্ষা কোম্পানিগুলোর শীর্ষ কর্মকর্তাদের কাছে পাঠানো এক চিঠিতে মার্কিন উপপ্রতিরক্ষামন্ত্রী স্টিভ ফেইনবার্গ বলেন, গুরুত্বপূর্ণ সামরিক সক্ষমতার ক্ষেত্রে ‘উল্লেখযোগ্যভাবে দ্রুত ও আগ্রাসী সরবরাহের সময়সূচি’ নির্ধারণ করতে হবে এবং উৎপাদন বাড়ানোর পরিকল্পনা জমা দিতে হবে। এ জন্য কোম্পানিগুলোকে ২১ দিনের সময়সীমা দেওয়া হয়েছে।
ফেইনবার্গ চিঠিতে বলেন, ‘বছরের পর বছর ধরে চলা উন্নয়ন প্রক্রিয়া আর গ্রহণযোগ্য নয়। আমাদের এখনই কর্মসূচির সময়সূচি নাটকীয়ভাবে সংক্ষিপ্ত করতে হবে এবং উৎপাদন সক্ষমতা বাড়াতে হবে।’
যুক্তরাষ্ট্রের অস্ত্রভান্ডারে গোলাবারুদের মজুত কমে আসা নিয়ে ইতোমধ্যে একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। বিশেষ করে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থায় ব্যবহৃত প্যাট্রিয়ট ইন্টারসেপ্টরের মজুত নিয়ে উদ্বেগ আরো তীব্র হয়েছে।
তবে এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, দেশটির সেনাবাহিনীর কাছে ‘বিপুল পরিমাণ’ গোলাবারুদ রয়েছে। ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘বিপুল পরিমাণ গোলাবারুদ উৎপাদন করা হচ্ছে এবং প্রয়োজন অনুযায়ী যুক্তরাষ্ট্রে পাঠানো হচ্ছে।’
সূত্র: আল জাজিরা
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


