মামলায় ভুয়া সাক্ষী, চ্যাটজিপিটির ওপর দায় চাপালেন আইনজীবী

মামলায় ভুয়া সাক্ষী, চ্যাটজিপিটির ওপর দায় চাপালেন আইনজীবী
ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যে একটি হত্যা মামলার আপিলের নথিতে ভুয়া পুলিশি সাক্ষ্য ও কাল্পনিক সাক্ষীদের বক্তব্য যুক্ত করার অভিযোগে এক আইনজীবীকে ৫ হাজার ডলার জরিমানা করা হয়েছে। আদালতের নথি যাচাই না করায় তাকে আদালত অবমাননার দায়েও দোষী করা হয়েছে।

বিজ্ঞাপন

নিউ মেক্সিকোর সর্বোচ্চ আদালত গত বুধবার আইনজীবী স্টিফেন অ্যারনসের বিরুদ্ধে এ ব্যবস্থা নেন।

অ্যারনস জানিয়েছেন, আদালতে দাখিল করা নথিটি তৈরিতে তিনি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) কর্মসূচি চ্যাটজিপিটির সহায়তা নিয়েছিলেন।

আদালত বলেছেন, অ্যারনসের দাখিল করা নথিতে ‘সম্পূর্ণ কাল্পনিক সাক্ষীদের’ মিথ্যা সাক্ষ্য যুক্ত ছিল।

বিচারকেরা আরো বলেন, অ্যারনস তার ভুলের জন্য অনুশোচনার অভাব এবং নিজের মক্কেলের প্রতি উদ্বেগের অভাব দেখিয়েছেন।

আদালত অ্যারনসকে ৫ হাজার ডলার জরিমানা করেছেন। একই সঙ্গে তার বিরুদ্ধে তদন্তের জন্য বিষয়টি আইনজীবীদের শৃঙ্খলাবিষয়ক বোর্ডে পাঠানোর সিদ্ধান্ত হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক বিবৃতিতে অ্যারনস বলেন, গত বছর তিনি আসামির আপিলের দায়িত্ব নেওয়ার সময় বিচার প্রক্রিয়ার তথ্য সংক্ষেপে সাজাতে চ্যাটজিপিটি ব্যবহার করেছিলেন। এআই এতটা ‘হ্যালুসিনেট’ করে বা বাস্তব নয় এমন তথ্য তৈরি করতে পারে—এ বিষয়ে তিনি তখন পুরোপুরি অবগত ছিলেন না।

অ্যারনস বলেন, ‘আমি অনুতপ্ত। তবে আশা করি, শৃঙ্খলা বোর্ড বিষয়টিকে একটি সৎ ভুল হিসেবে বিবেচনা করবে।’

তিনি আরো বলেন, ‘শক্তিশালী হলেও কখনো কখনো অস্থিতিশীল এই প্রযুক্তির ওপর নির্ভর করা সব পেশাজীবীর জন্য এটি একটি শিক্ষা।’

এ বিষয়ে চ্যাটজিপিটির নির্মাতা ওপেনএআইয়ের কাছে মন্তব্য চাওয়া হলেও তাৎক্ষণিকভাবে কোনো জবাব পাওয়া যায়নি।

এআই ব্যবহারে সতর্কতা

আইনজীবীদের আদালতে এআই দিয়ে তৈরি নথি যথাযথভাবে যাচাই না করে দাখিলের ঘটনা বাড়ছে। এ কারণে অঙ্গরাজ্য ও ফেডারেল আদালতের বিচারকেরা সাম্প্রতিক সময়ে বেশ কয়েকজন আইনজীবীকে শাস্তি দিয়েছেন। এআই ব্যবহারের কারণে কিছু বিচারকও সমালোচনার মুখে পড়েছেন।

এখন পর্যন্ত অসংখ্য আইনজীবীকে এমন নথি দাখিলের জন্য শাস্তি দেওয়া হয়েছে, যেখানে এআই মামলার অস্তিত্বহীন নজির তৈরি করেছে কিংবা আইনের বক্তব্য ভুলভাবে উদ্ধৃত করেছে। তবে অ্যারনসের দাখিল করা নথির ঘটনা আরো গুরুতর। কারণ, এতে ফৌজদারি মামলার আপিলে কাল্পনিক সাক্ষীদের সাক্ষ্যও যুক্ত করা হয়েছিল।

অ্যারনস নিউ মেক্সিকোর সান্তা ফেতে ব্যক্তিগতভাবে আইন পেশা করেন। তিনি অস্কার রেনে স্যান্ডোভালের আপিলের দায়িত্বে ছিলেন। স্যান্ডোভালের বিরুদ্ধে তার সন্তানদের মায়ের হত্যার অভিযোগ ছিল। তিনি অভিযোগ অস্বীকার করে নিজেকে নির্দোষ দাবি করেছিলেন। পরে গত বছর তাকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।

স্যান্ডোভালের আপিল এখনো বিচারাধীন। গত ২ সেপ্টেম্বর এ মামলার দায়িত্ব দেওয়া হয়েছে নিউ মেক্সিকোর সরকারি আইনজীবী কিম চাভেজ কুককে। তিনি এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি। দোনা আনা কাউন্টির জেলা অ্যাটর্নির কার্যালয়ও কোনো মন্তব্য করেনি।

গত মাসে অঙ্গরাজ্যের সর্বোচ্চ আদালত অ্যারনসকে ব্যাখ্যা দিতে বলেন, কীভাবে তার আপিলের মূল নথিতে এসব বানানো তথ্য যুক্ত হলো।

আদালতের ভাষ্য অনুযায়ী, এসব তথ্যের মধ্যে এমন ‘কাল্পনিক বক্তব্য’ও ছিল যে হত্যাকাণ্ডের সময় গুলি ছোড়া ব্যক্তি গাঢ় রঙের প্যান্ট ও সাদা শার্ট পরেছিলেন।

গত ২১ আগস্ট শুনানিতে অ্যারনস আদালতকে বলেন, তিনি কম্পিউটারে তৈরি করা মামলার প্রতিলিপি এবং অন্যান্য নথি চ্যাটজিপিটিতে দিয়েছিলেন। তার ধারণা ছিল, চ্যাটজিপিটি একটি ‘নির্ভুল ও শক্তপোক্ত সারসংক্ষেপ’ তৈরি করবে।

তবে শুনানিতে বিচারকেরা বিস্ময় প্রকাশ করেন, এআই ভুল তথ্য তৈরি করতে পারে—এ বিষয়টি অ্যারনস কীভাবে পুরোপুরি জানতেন না।

শুনানিতে বিচারপতি সি. শ্যানন বেকন অ্যারনসকে বলেন, ‘আপনি কি খবর দেখেন? রেডিও শোনেন? বিশ্বে কী ঘটছে, সে বিষয়ে কিছু পড়েন?’

তিনি বলেন, ‘আইনজীবীরা এআইয়ের তৈরি ভুয়া তথ্যের ওপর নির্ভর করছেন—এ সমস্যা এখন প্রতিদিনের প্রধান খবরের বিষয়।’

এএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন