পরমাণু অস্ত্র চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার কথা বিবেচনা করছে ইরান

পরমাণু অস্ত্র চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার কথা বিবেচনা করছে ইরান
ছবি: সংগৃহীত

ইরান পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের চেয়ারম্যান ইব্রাহিম আজিজি বলেছেন, পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি (এনপিটি) থেকে বেরিয়ে যাওয়ার বিষয়টি বিবেচনায় রয়েছে।

বার্তা সংস্থা মেহরকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। দক্ষিণাঞ্চলীয় প্রতিবেশী দেশগুলোকে ইরানের সঙ্গে নিজেদের অবস্থান সমন্বয় ও সহযোগিতার প্রয়োজনীয়তা উপলব্ধি করার পরামর্শ দেন তিনি।

বিজ্ঞাপন

আজিজি বলেন, আঞ্চলিক পরিস্থিতির পরিবর্তন, ‘রেজিস্ট্যান্স ফ্রন্ট’-এর ভবিষ্যৎ, হরমুজ প্রণালি ঘিরে সমীকরণ, ইরানের পারমাণবিক ইস্যু এবং ইরান-যুক্তরাষ্ট্র সম্পর্কের ভবিষ্যৎ—সাম্প্রতিক মাসগুলোতে এসব বিষয় বিশেষ গুরুত্ব পেয়েছে। এর প্রতিটি বিষয়ই আঞ্চলিক নিরাপত্তা ও রাজনৈতিক সমীকরণে প্রভাব ফেলতে পারে।

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) কার্যক্রমের সমালোচনা করে আজিজি বলেন, দীর্ঘদিন ধরেই সংস্থাটিকে রাজনৈতিক ক্লাবে পরিণত করা হয়েছে, যার ফলে এটি তার কারিগরি ও বিশেষায়িত দায়িত্ব থেকে সরে গেছে।

তিনি বলেন, ‘দুঃখজনক হলেও সত্য, আইএইএ এখন আর সেই কারিগরি ও পেশাদার সংস্থার ভূমিকা পালন করছে না, যে উদ্দেশ্যে এটি প্রতিষ্ঠিত হয়েছিল। বরং যুক্তরাষ্ট্রের মতো দেশগুলোর আধিপত্য ও ক্ষমতা প্রদর্শনের হাতিয়ারে পরিণত হয়েছে।’

ইরান বারবার সতর্ক করে আসছে যে আইএইএকে আধিপত্যবাদী শক্তিগুলোর হাতিয়ার হতে দেওয়া উচিত নয় বলেও উল্লেখ করেন আজিজি। তার ভাষ্য, আইএইএর সনদ অনুযায়ী সংস্থাটির ওপর গুরুত্বপূর্ণ ও নির্ধারক কিছু দায়িত্ব অর্পিত রয়েছে। কিন্তু বছরের পর বছর ধরে সংস্থাটি দুঃখজনকভাবে সেই দায়িত্ব যথাযথভাবে পালন করতে ব্যর্থ হয়েছে।

এনপিটি থেকে ইরানের প্রত্যাহারের প্রসঙ্গে আজিজি বলেন, ‘এনপিটি থেকে প্রত্যাহারের পরিকল্পনা’ শিরোনামে আইন প্রণয়নের প্রস্তাব তৈরি করা হয়েছে এবং এতে বহু সংসদ সদস্যের স্বাক্ষর রয়েছে। প্রস্তাবগুলো পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশন এবং আইন প্রণয়নবিষয়ক উপদপ্তরে জমা দেওয়া হয়েছে।

তবে তিনি বলেন, এনপিটি থেকে প্রত্যাহারের জন্য কার্যকর পদক্ষেপ নেওয়া, সরকারের সব স্তরের সঙ্গে সমন্বয় করা এবং ইসলামি প্রজাতন্ত্রের রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে একটি অভিন্ন সিদ্ধান্ত গ্রহণ প্রয়োজন।

সূত্র: বার্তা সংস্থা মেহের

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন