মাত্র পাঁচ মিনিটের অনলাইন বৈঠকে একসঙ্গে চাকরি হারিয়েছেন ভারতের ৮০ জন কর্মী। সামাজিকমাধ্যমে দেওয়া পোস্টে এমন দাবি করেছেন ওই প্রতিষ্ঠানের সাবেক এক কর্মী। তিনি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্রের আর্থিক প্রতিষ্ঠান ব্লুভাইন মাত্র পাঁচ মিনিটের গুগল মিটের পরই ৮০ জন ভারতীয় কর্মীকে জানিয়ে দেয়, তাদের আর চাকরি নেই। তবে এখন পর্যন্ত সংশ্লিষ্ট সংস্থার পক্ষ থেকে এই দাবি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।
সামাজিকমাধ্যম রেডিটে ওই কর্মী জানান, তিনি একটি মার্কিন ব্যাংকের জন্য গ্রাহক পরিষেবা দলে কাজ করতেন। তার নির্ধারিত সন্ধ্যার শিফট ছিল। কিন্তু কাজের মাঝেই হঠাৎ তাদের একটি অনলাইন বৈঠকে যোগ দিতে বলা হয়। রাত সাড়ে ৯টার দিকে গুগল মিটে বৈঠক শুরু হলে কর্মীদের জানিয়ে দেওয়া হয়, ভারতের পুরো গ্রাহক পরিষেবা দলকেই চাকরি থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তার মতে, মাত্র পাঁচ মিনিটেই ৮০ জন কর্মীকে চাকরিচ্যুত করা হয়।
তিনি দাবি করেন, ওই দিন কর্মীদের বাড়ি থেকে কাজ করতে বলা হয়েছিল। এর পর দিন শেষে হঠাৎ অনলাইন বৈঠকে যোগ দেওয়ার নির্দেশ আসে। তার অভিযোগ, এত অল্প সময়ের মধ্যে চাকরি চলে যাওয়ার বিষয়টি তাদের কাছে সম্পূর্ণ অপ্রত্যাশিত ছিল।
চাকরি হারানোর পর নিজের ভবিষ্যৎ নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন ওই কর্মী। তার কথায়, হঠাৎ করে কর্মসংস্থান হারানোর পর নতুন চাকরি খুঁজে পাওয়া নিয়ে তিনি অনিশ্চিত। একই সঙ্গে ৮০ জন কর্মীর সঙ্গে তাদের পরিবারের সদস্যরাও এই সিদ্ধান্তের কারণে আর্থিক অনিশ্চয়তার মুখে পড়েছেন বলে তিনি দাবি করেন।
পরে রেডিটে করা কয়েকটি প্রশ্নের জবাবে ওই কর্মী বলেন, ভারতের দলটি প্রত্যাশিত ফলাফল দিতে পারছিল না এমন কারণ দেখিয়ে তাদের চাকরিচ্যুত করা হয়েছে।
সূত্র: হিন্দুস্তান টাইমস
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


