জার্মানির স্যাক্সনি-আনহাল্ট রাজ্যের পার্লামেন্টে প্রথমবারের মতো ডানপন্থী অলটারনেটিভ ফর জার্মানি (এএফডি) দলের কোনো প্রার্থী স্পিকার নির্বাচিত হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ।
বুধবার বার্লিনে হ্যান্ডেলসব্লাট মিডিয়া গ্রুপের এক ব্যবসায়িক সম্মেলনে মের্জ বলেন, আগের দিনের ঘটনা তাকে গভীরভাবে উদ্বিগ্ন ও কিছুটা হতবাক করেছে। একই সঙ্গে এএফডির সঙ্গে কোনো ধরনের সহযোগিতা না করতে গণতান্ত্রিক দলগুলোর নেতাদের প্রতি আহ্বান জানান তিনি।
মঙ্গলবার ম্যাগডেবুর্গে রাজ্য পার্লামেন্টের গোপন ভোটে এএফডির টোবিয়াস রাউশ স্পিকার নির্বাচিত হন। ৮২ ভোটের মধ্যে তিনি পান ৪৮টি ভোট। অথচ পার্লামেন্টে এএফডির আসন ৩৯টি।
গোপন ভোট হওয়ায় অতিরিক্ত ৯টি ভোট কোথা থেকে এসেছে, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। জার্মান সংবাদমাধ্যম ও বিরোধী দলগুলোর কেউ কেউ ধারণা করছে, মের্জের দল কনজারভেটিভ ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন (সিডিইউ)-এর কয়েকজন আইনপ্রণেতা রাউশকে ভোট দিয়ে থাকতে পারেন।
জার্মান রাজনীতিতে এএফডির সঙ্গে জোট, যৌথ ভোট বা অন্য কোনো ধরনের সহযোগিতা না করার যে দীর্ঘদিনের নীতি রয়েছে, এ ঘটনাকে তার ওপর চাপ হিসেবে দেখা হচ্ছে।
তবে গোপন ভোটের ফল নিয়ে দ্রুত কোনো সিদ্ধান্তে না পৌঁছানোর আহ্বান জানিয়েছেন মের্জ। তার মতে, সিডিইউর বাইরে থাকা অন্য কোনো দলের আইনপ্রণেতারাও এএফডির প্রার্থীকে ভোট দিয়ে সিডিইউর ওপর চাপ সৃষ্টি এবং দলের অভ্যন্তরে বিভাজন তৈরির চেষ্টা করতে পারেন।
মের্জ বলেন, রাজনীতিতেও পরিকল্পিতভাবে বিভ্রান্তি তৈরির ঘটনা ঘটতে পারে। তাই তাড়াহুড়া করে কোনো সিদ্ধান্তে পৌঁছানো উচিত নয়।
স্যাক্সনি-আনহাল্টের রাজ্য গোয়েন্দা সংস্থা এএফডির শাখাটিকে ইতোমধ্যে নিশ্চিত ডানপন্থী চরমপন্থী সংগঠন হিসেবে শ্রেণিবদ্ধ করেছে। দলটির বিরুদ্ধে গণতন্ত্রবিরোধী লক্ষ্য ও কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। তবে এএফডি ওই শ্রেণিবিন্যাসের বিরুদ্ধে আইনি চ্যালেঞ্জ জানিয়েছে।
সূত্র: আনাদোলু এজেন্সি
এমএমআর
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


