ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান বলেছেন, তেহরান তার জাতীয় স্বার্থ রক্ষার জন্য সংলাপ চালিয়ে যেতে প্রস্তুত। তবে ইরানের সার্বভৌমত্ব বা প্রতিরক্ষা সক্ষমতা ক্ষুণ্ণ করে এমন কোনো দাবি মেনে নেওয়া হবে না বলে জানিয়েছেনি তিনি।
ইরানের জনগণের উদ্দেশে দেওয়া এক ভাষণে পেজেশকিয়ান প্রতিবেশী দেশগুলোর সঙ্গে উন্নত সম্পর্ক এবং আঞ্চলিক বিভাজন প্রতিরোধের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন।
তার প্রশাসন দেশের নেতৃত্বকে আলোচনায় রাজি হওয়ার জন্য চাপ দিয়েছে এমন দাবি প্রত্যাখ্যান করেন পেজেশকিয়ান।
রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরএনএ জানিয়েছে, পেজেশকিয়ান জোর দিয়ে বলেন, ইরান মুসলিম দেশগুলোকে ভাই হিসেবে দেখে। মুসলিম রাষ্ট্রগুলো কেন একে অপরের সঙ্গে সংঘাতে জড়াবে, সেই প্রশ্নও তোলেন তিনি।
ইরানি প্রেসিডেন্ট সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইল পারস্য উপসাগরীয় দেশগুলোকে ইরানের বিরুদ্ধে একত্রিত করতে চাইছে, আর তেহরান তা প্রতিরোধের জন্য কাজ করছে।
সূত্র: মিডল ইস্ট আই
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


