চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, শুল্ক যুদ্ধ বা বাণিজ্য যুদ্ধে কেউ জয়ী হতে পারে না। হুমকি-ধামকি বা চাপ প্রয়োগ শুধু নিজেকে বিশ্ব থেকে বিচ্ছিন্ন করার দিকেই নিয়ে যায়। মঙ্গলবার বেইজিংয়ে লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের দেশগুলোর রাষ্ট্র এবং সরকারপ্রধানদের নিয়ে এক সম্মেলনে এ কথা বলেন তিনি।
শি জিনপিং বলেন, ‘বর্তমান বিশ্ব প্রচণ্ড গতির পরিবর্তনের ভেতর দিয়ে যাচ্ছে, যা সারা বিশ্বের দেশগুলোর মধ্যে প্রয়োজনীয় একতা ও সহযোগিতার সম্পর্ক তৈরি করেছে।’
গত সোমবার সুইজারল্যান্ডের জেনেভায় আমেরিকা ও চীনের প্রতিনিধিদলের মধ্যে আলোচনার পর উভয় পক্ষের পাল্টাপাল্টি শুল্ক ৯০ দিনের জন্য স্থগিত এবং পারস্পরিক শুল্ক কমানোর সিদ্ধান্তের পর চীনা প্রেসিডেন্টের পক্ষ থেকে এ বক্তব্য এলো। দুই পক্ষের সিদ্ধান্ত আজ বুধবার থেকে উভয় দেশের পণ্যের ওপর পারস্পরিক ১১৫ শতাংশ করে শুল্ক কমানো হবে। এর জেরে চীনের পণ্যে আমেরিকার ৩০ শতাংশ শুল্ক এবং আমেরিকার পণ্যে চীনের ১০ শতাংশ শুল্ক কার্যকর থাকবে।
বেইজিংয়ে অনুষ্ঠিত হওয়া চীন-সিইএলএসি ফোরাম সম্মেলনে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ডি সিলভা, চিলির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিক ও কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো উপস্থিত ছিলেন।
সম্মেলনে শি জিনপিং বলেন, ‘যদিও লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চল থেকে চীন অনেক দূরে, তারপরও দু’পক্ষের মধ্যে বন্ধুত্বপূর্ণ আদান-প্রদানের দীর্ঘ ইতিহাস রয়েছে।’
লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের দেশগুলোতে ৯১৮ কোটি ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দেন তিনি। ৩০টি দেশের প্রতিনিধি এ সম্মেলনে অংশ নেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

