মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুদ্ধ শেষ করার জন্য ইউক্রেনের উচিত রাশিয়ার সঙ্গে একটি চুক্তি করা। কারণ রাশিয়া খুব বড় শক্তি; ইউক্রেন তা নয়। শুক্রবার আলাস্কায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে বৈঠকের পর তিনি এ মন্তব্য করেন। খবর বার্তা সংস্থা রয়টার্সের।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, ‘সবাই মনে করেন, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলা ভয়াবহ যুদ্ধের অবসান ঘটানোর সর্বোত্তম উপায় হলো সরাসরি শান্তিচুক্তিতে যাওয়া। এটা যুদ্ধ বন্ধ করবে। তবে এ চুক্তি নিছকই একটি যুদ্ধবিরতি চুক্তি নয়, যা প্রায়ই টেকে না।’
আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের পর ট্রাম্প এমন মন্তব্য করেন। যুদ্ধ বন্ধের শর্ত হিসেবে পুতিন ইউক্রেনের আরো কিছু ভূমি দাবি করেছেন বলে খবর প্রকাশ করেছে স্কাই নিউজসহ কয়েকটি সংবাদমাধ্যম।
শুক্রবার পুতিনের সাথে বৈঠকের পর মার্কিন প্রেসিডেন্ট ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গেও কথা বলেন। ট্রাম্প জেলেনস্কিকে জানান, যদি কিয়েভের পক্ষ থেকে দোনেৎস্ক অঞ্চলের পুরোটা ছেড়ে দেওয়া হয়, তবে রাশিয়া বেশির ভাগ জায়গায় যুদ্ধ থামাবে—এমন শর্ত দিয়েছেন পুতিন। ইউক্রেনের শিল্পাঞ্চল হিসেবে পরিচিত দোনেৎস্ক অনেক আগে থেকে পুতিনের অন্যতম লক্ষ্যবস্তু।
জেলেনস্কি পুতিনের এমন চাওয়া নাকচ করে দিয়েছেন। জেলেনস্কি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ভূখণ্ড ছাড়ার প্রশ্নই ওঠে না, কারণ ইউক্রেনের সংবিধানে পরিবর্তন না করে তা সম্ভব নয়। তিনি নিরাপত্তা নিশ্চয়তার ওপর জোর দেন, যাতে ভবিষ্যতে রাশিয়া আরেকবার আক্রমণ করতে না পারে।
রাশিয়া এরইমধ্যে ইউক্রেনের এক পঞ্চমাংশ নিয়ন্ত্রণ করছে, যার মধ্যে দোনেৎস্ক প্রদেশের প্রায় তিন-চতুর্থাংশও রয়েছে।
ইউক্রেন ও দেশটির ইউরোপীয় মিত্ররা এর আগে যে যুদ্ধবিরতি চুক্তি চেয়েছিল, সেটা ছাড়াই একটি শান্তিচুক্তি সইয়ের প্রয়োজনীয়তার বিষয়ে পুতিনের সঙ্গে একমত হওয়ার কথা জানিয়েছেন ট্রাম্প।
যুদ্ধ বন্ধে ট্রাম্পের প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছে ইউক্রেনের ইউরোপীয় মিত্ররা। তারা ইউক্রেনের পাশে থাকার ও রাশিয়ার ওপর আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপের প্রতিশ্রুতি দিয়েছে।
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন



