রেড ক্রস বহরে মিয়ানমার জান্তার গুলি, ফিরে গেলো চীনা ত্রাণ

রেড ক্রস বহরে মিয়ানমার জান্তার গুলি, ফিরে গেলো চীনা ত্রাণ

মিয়ানমারের মান্দালয়ের ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য মানবিক সহায়তা নিয়ে যাওয়া চীনা রেড ক্রসের গাড়িবহরে গুলি চালায় জান্তা। ফলে ত্রাণ না দিয়েই ফিরে গেছে বহরটি। বুধবার মিয়ানমারের সামরিক সরকার এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।

সেনা সরকার তথা স্টেট অ্যাডমিনিস্ট্রেশন কাউন্সিলের (এসএসি) মুখপাত্র মেজর জেনারেল জাও মিন তুন এক বিবৃতিতে জানিয়েছেন, মঙ্গলবার স্থানীয় সময় রাত সাড়ে ৯টার দিকে মিয়ানমারের সেনারা নয়টি গাড়ির একটি বহরের ওপর গুলি চালায়।

বিজ্ঞাপন

শান রাজ্যের নওংখিও টাউনশিপের কাছে এই ঘটনা ঘটে, যা ভূমিকম্পের কেন্দ্রস্থল মান্দালয়ের উত্তরে অবস্থিত। অঞ্চলটি ২০২১ সালে সেনাবাহিনী ক্ষমতা দখলের পর থেকে চলমান গৃহযুদ্ধের কেন্দ্রে পরিণত হয়েছে।

গত ২৮ মার্চ মিয়ানমারে আঘাত হানে ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী এক ভূমিকম্প। এতে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে ২ হাজার ৮৮৬ জনে পৌঁছেছে। ভূমিকম্পের প্রভাবে প্রতিবেশী থাইল্যান্ডেও অন্তত ২১ জন নিহত হয়েছেন।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এ ঘটনায় কেউ হতাহত হননি। মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন বলেন, আমরা আশা করি মিয়ানমারের সব পক্ষ ভূমিকম্প-ত্রাণ কার্যক্রমকে অগ্রাধিকার দেবে এবং চীনসহ অন্যান্য দেশের উদ্ধারকর্মী ও ত্রাণ সামগ্রীর নিরাপত্তা নিশ্চিত করবে।

মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীগুলো ভূমিকম্প ত্রাণ প্রচেষ্টাকে সমর্থন দিতে এক তরফাভাবে যুদ্ধবিরতি ঘোষণা করেছে, তবে সামরিক বাহিনী তা প্রত্যাখ্যান করেছে। ভূমিকম্প আঘাত হানার কয়েক ঘণ্টা পরেই জান্তা বাহিনী নাউংচো শহরে একটি বিমান হামলা চালায়। এতে সাতজন নিহত হয়।

জাতিসংঘ এ হামলাকে সম্পূর্ণ অন্যায় ও অগ্রহণযোগ্য বলে নিন্দা জানিয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন