খেলার মাঠের বেঞ্চে একা বসে থাকায় গুনতে হলো জরিমানা

খেলার মাঠের বেঞ্চে একা বসে থাকায় গুনতে হলো জরিমানা
প্রতীকী ছবি

জার্মানির গেলজেনকির্শেন শহরে সন্তান ছাড়াই শিশুদের খেলার মাঠের বেঞ্চে বসে কাঁদার কারণে ৩১ বছর বয়সী এক নারীকে ২৫ ইউরো জরিমানা করা হয়েছে।

জার্মান সংবাদমাধ্যম ডব্লিউডিআরের প্রতিবেদন অনুযায়ী, গত ২৫ অক্টোবর হানা নামের ওই নারী পড়াশোনা ও আর্থিক চাপের কারণে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে হাঁটতে বের হন। একপর্যায়ে একটি খেলার মাঠের বেঞ্চে বসে খালার সঙ্গে ফোনে কথা বলার সময় কান্নায় ভেঙে পড়েন তিনি।

বিজ্ঞাপন

এ সময় তিনজন পৌর কর্মকর্তা তার কাছে এসে দোলনায় খেলতে থাকা দুই শিশুকে তার সন্তান কি না জানতে চান। শিশু দুটি তার সন্তান নয় জানালে তাকে ২৫ ইউরো জরিমানা করা হয়।

শহরটির নিয়ম অনুযায়ী, ১৪ বছর বা তার কম বয়সি শিশুদের জন্য খেলার মাঠ নির্ধারিত। সন্তান বা শিশু সঙ্গে না থাকলে কোনো প্রাপ্তবয়স্ক মানুষ সেখানে অবস্থান করতে পারবেন না।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে হানা বলেন, কেউ কাঁদতে দেখলে প্রথমেই তার খোঁজ নেওয়া উচিত ছিল। তিনি বলেন, ‘কেউ কি অন্তত জিজ্ঞেস করতে পারতেন না, আমি ঠিক আছি কি না বা কোনো সাহায্য প্রয়োজন কি না?’

স্থানীয় বাসিন্দারাও এ ঘটনায় বিস্ময় ও ক্ষোভ জানিয়েছেন। তাদের মতে, সামান্য সময় বিশ্রাম নিতে বসা একজন নারীকে জরিমানা করা অমানবিক।

তবে পৌর কর্তৃপক্ষ কর্মকর্তাদের পদক্ষেপের পক্ষে অবস্থান নিয়েছে। শহর কর্তৃপক্ষের দাবি, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা এবং অপহরণের ঝুঁকি কমাতেই এ নিয়ম কার্যকর করা হয়েছে।

এদিকে, নিয়ম ভেঙে শিশুদের খেলার মাঠে প্রবেশ বা অবস্থানের জরিমানা ৫৫ ইউরো থেকে বাড়িয়ে ৬০ ইউরো করার প্রস্তাব নিয়ে আলোচনা চলছে।

সূত্র: এনডিটিভি

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...