গাজায় বালুর ঢিবি ধসে নিহত ৫, খালি হাতে উদ্ধার কাজে ফিলিস্তিনিরা

গাজায় বালুর ঢিবি ধসে নিহত ৫, খালি হাতে উদ্ধার কাজে ফিলিস্তিনিরা
ছবি: সংগৃহীত

গাজায় বাস্তুচ্যুত পরিবারগুলোর আশ্রয় নেওয়া তাঁবুর ওপর বালুর ঢিবি ধসে অন্তত পাঁচ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চারজনই শিশু। উদ্ধার সরঞ্জাম ও জরুরি সেবার অভাবে আটকে পড়া সবাইকে উদ্ধার করা সম্ভব না হওয়ায় স্বজনদের খুঁজে বের করতে খালি হাতেই ধ্বংসস্তূপ সরানোর চেষ্টা করেন ফিলিস্তিনিরা।

জাবালিয়া থেকে বাস্তুচ্যুত মোহাম্মদ আবদেলাল জানান, আটকে পড়া মানুষদের উদ্ধারে তারা খালি হাতে বালু সরিয়েছেন। এ সময় কম্বল কেটে আটকে পড়াদের বের করতে ছুরিও ব্যবহার করেন তারা।

বিজ্ঞাপন

তিনি বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) বলেন, ‘আমরা লোকজনকে বের করে আনার চেষ্টা করেছি। কম্বল কেটে তাদের উদ্ধারে কাজ করেছি। প্রথমে একটি শিশুকে, এরপর দ্বিতীয় ও তৃতীয় শিশুকে উদ্ধার করতে সক্ষম হই। পরে এক অন্তঃসত্ত্বা নারী ও এক তরুণকেও উদ্ধার করি।’

বেইত হানুন থেকে বাস্তুচ্যুত হাসান ওদা জানান, বালুর নিচ থেকে এক নারীকে জীবিত উদ্ধার করতে দেখেছেন তিনি। তবে ওই নারীর দুই সন্তানকে বাঁচানো সম্ভব হয়নি।

তিনি বলেন, ‘আমরা অ্যাম্বুলেন্সের জন্য ফোন করেছিলাম। কিন্তু পাহাড়ের উচ্চতার কারণে কেউ কিছু করতে পারেনি। পুরুষেরা একটানা মাটি খুঁড়তে থাকেন। একপর্যায়ে ওই নারীকে উদ্ধার করা সম্ভব হয়। তবে তার ছেলে মারা যায়। পরে তার মেয়ের লাশও উদ্ধার করি।’

সূত্র: আলজাজিরা

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন