মেক্সিকোতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

মেক্সিকোতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত
ছবি: সংগৃহীত

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল মেক্সিকো। মঙ্গলবার বাজা ক্যালিফোর্নিয়া উপদ্বীপের কিছু অংশ ৬ মাত্রার একটি ভূমিকম্পে কেঁপে ওঠে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য অনুযায়ী, দুপুর ১২টা ৪৫ মিনিটে ক্যালিফোর্নিয়া উপসাগরে এ ভূমিকম্প হয়। ভূমিকম্পটির উৎপত্তিস্থল এল প্রোগ্রেসো থেকে দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমে। তাৎক্ষণিকভাবে হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

ভূমিকম্পটি ভূপৃষ্ঠের প্রায় ৬ মাইল গভীরে সংঘটিত হয় এবং মেক্সিকোর সিনাওলা রাজ্যের লস মোচিস ও কুলিয়াকান শহরে হালকা কম্পন অনুভূত হয়।

বিজ্ঞাপন

সাম্প্রতিক সময়ে বিশ্বের বিভিন্ন স্থানে ভূমিকম্পের ঘটনা বেড়েছে। সম্প্রতি ভেনেজুয়েলায় প্রথমে ৭ দশমিক ২ এবং মাত্র ৩৯ সেকেন্ড পর ৭ দশমিক ৫ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে। এ ধরনের ঘটনাকে ‘ডাবলেট’ বলা হয়।

ডাবলেট বলতে কাছাকাছি সময়ে প্রায় একই মাত্রার দুটি ভূমিকম্প হওয়াকে বোঝায়, যা ক্ষয়ক্ষতির মাত্রা আরো বাড়িয়ে দিতে পারে।

ইউএসজিএস জানিয়েছে, ১৯ থেকে ২৬ জুনের মধ্যে বিশ্বজুড়ে ৪ দশমিক ৫ বা তার বেশি মাত্রার ৯৩টি ভূমিকম্প হয়েছে। এটি বিশ্বব্যাপী ভূমিকম্পের তৎপরতা বৃদ্ধির ইঙ্গিত দিচ্ছে।

এ সময় যুক্তরাষ্ট্রের উত্তর ক্যালিফোর্নিয়ায় রেডউড ভ্যালির কাছে ৫ দশমিক ৬ মাত্রার একটি মাঝারি ধরনের ভূমিকম্পও অনুভূত হয়। এর কেন্দ্রস্থল ছিল মেনডোসিনো কাউন্টিতে। ভূপৃষ্ঠের প্রায় ৫ মাইল নিচে ওই ভূমিকম্প আঘাত হানে।

সূত্র: ফক্স নিউজ

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন