ফ্রান্সজুড়ে বিক্ষোভ-সংঘর্ষ, নিহত ১, গ্রেপ্তার প্রায় ২০০০

ফ্রান্সজুড়ে বিক্ষোভ-সংঘর্ষ, নিহত ১, গ্রেপ্তার প্রায় ২০০০
ছবি: সংগৃহীত।

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও সরকারি সেবার মান কমে যাওয়ার প্রতিবাদে বিক্ষোভকে কেন্দ্র করে ফ্রান্সে ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়েছে। শনিবারের বিক্ষোভে একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন পাঁচ শতাধিক পুলিশ সদস্য এবং গ্রেপ্তার করা হয়েছে প্রায় দুই হাজার ।

বিজ্ঞাপন

রোববার সকালে দেশটির বিভিন্ন শহরে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের চিহ্ন দেখা যায়। সহিংসতার সময় একটি টাউন হলে আগুন দেওয়া হয়, বিভিন্ন দোকানপাটে লুটপাট চালানো হয় এবং পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় বিক্ষোভকারীদের কয়েকটি সহিংস গোষ্ঠী।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, প্যারিসে বিক্ষোভ চলাকালে একজনের মৃত্যু হয়েছে। বলা হয়েছে নিহত ব্যক্তি হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন। সেখানে রেকর্ড ৮৫৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। দেশজুড়ে বিক্ষোভে পাঁচ লাখের বেশি মানুষ অংশ নেন। শিক্ষার্থীদের মাসব্যাপী আন্দোলনের সঙ্গে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও সরকারি সেবার অবনতির বিরুদ্ধে সাধারণ মানুষের অসন্তোষ যুক্ত হওয়ায় বিক্ষোভ ব্যাপক আকার ধারণ করে।

বেশির ভাগ বিক্ষোভ শান্তিপূর্ণ থাকলেও কিছু সহিংস গোষ্ঠী সরকারি ভবনে হামলা, বিলাসবহুল দোকান ও সুপারমার্কেটে লুটপাট এবং পুলিশের গাড়ি ও সদস্যদের ওপর আক্রমণ চালায়।

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, ‘আমাদের প্রজাতন্ত্রে সহিংসতার কোনো জায়গা নেই।’ সরকারি ভবন ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা এবং লুটপাটে জড়িত ব্যক্তিদের বিচারের মুখোমুখি করা হবে বলেও জানান তিনি।

উত্তরের লিল থেকে দক্ষিণের মার্সেই এবং পূর্বের স্ট্রাসবুর্গ থেকে দক্ষিণ-পশ্চিমের বোর্দো পর্যন্ত বিভিন্ন শহরে পরিচ্ছন্নতা ও ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ শুরু হয়েছে। বোর্দোতে মুখোশধারীরা স্থানীয় প্রিফেক্টের বাসভবনে হামলা চালায়। লিমোজে শহরে ১৪৩ বছরের পুরোনো টাউন হলের একাংশ অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত হয়েছে।

এ ঘটনায় প্রেসিডেন্ট ম্যাক্রো ও তার সরকারের ওপর চাপ বেড়েছে। প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নু বলেছেন, সহিংসতার কাছে সরকার মাথানত করবে না। আগামী বছর প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে তিনি এ সহিংসতার জন্য উগ্র বামপন্থী গোষ্ঠী ও অপরাধীদের দায়ী করেছেন।

এমএমআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন