বাব আল-মান্দেব নিয়ন্ত্রণে সক্রিয় হচ্ছে সৌদির নেতৃত্বাধীন জোট এমএমডিসি

বাব আল-মান্দেব নিয়ন্ত্রণে সক্রিয় হচ্ছে সৌদির নেতৃত্বাধীন জোট এমএমডিসি
সৌদি ছাড়া এ জোটে স্বাক্ষরকারী দেশগুলো হলো— বাংলাদেশ, বাহরাইন, কোমোরোস, জিবুতি, মিসর, জর্ডান, কুয়েত, পাকিস্তান, কাতার, সৌদি আরব, সোমালিয়া, সুদান, তুরস্ক ও ইয়েমেন।ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক বাণিজ্যপথ বাব আল-মান্দেব প্রণালি হুথিদের নিয়ন্ত্রণমুক্ত করতে সক্রিয় হচ্ছে সৌদি আরবের নেতৃত্বাধীন মাল্টিন্যাশনাল মেরিটাইম ডিফেন্স কোয়ালিশন (এমএমডিসি)।

বিজ্ঞাপন

শনিবার আরব সাগরতীরবর্তী শহর জেদ্দায় জোটের অংশীদারদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন এমএমডিসির প্রধান কমান্ডার ও সৌদি নৌবাহিনীর কর্মকর্তা রিয়ার অ্যাডমিরাল আবদুল্লাহ বিন সালেম আল-শেহরি।

বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে তিনি বলেন, আন্তর্জাতিক সমুদ্রপথের নিরাপত্তা নিশ্চিত করা সবার সম্মিলিত দায়িত্ব। এমএমডিসির প্রাথমিক পরিচালনাগত সক্ষমতা চালুর ঘোষণা দেওয়া হয়েছে। বাণিজ্যিক জাহাজের অবাধ চলাচল ও আন্তর্জাতিক সামুদ্রিক নিরাপত্তার জন্য যারা হুমকি হয়ে দাঁড়াবে, তাদের প্রতিহত করা হবে।

প্রায় ৫০ কিলোমিটার দীর্ঘ বাব আল-মান্দেব প্রণালি ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থিত। সংকীর্ণ এই জলপথ লোহিত সাগরকে এডেন উপসাগরের সঙ্গে যুক্ত করেছে। একই সঙ্গে সুয়েজ খালে নৌযান চলাচলের ক্ষেত্রেও এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

বৈশ্বিক জ্বালানি বাণিজ্যের জন্যও প্রণালিটি গুরুত্বপূর্ণ। মধ্যপ্রাচ্যের খনিগুলো থেকে উত্তোলিত তেলের প্রায় ১২ শতাংশ এই পথ দিয়ে পরিবহন করা হয়।

গত ১১ সেপ্টেম্বর প্রণালির মাঝামাঝি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ময়ুন বা পেরিম দ্বীপ দখল করে ইরান-সমর্থিত ইয়েমেনি সশস্ত্র গোষ্ঠী হুথি। এর মধ্য দিয়ে বাব আল-মান্দেবের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দাবি করা হয়। প্রণালিটি এখনো হুথিদের নিয়ন্ত্রণে রয়েছে।

বাব আল-মান্দেবকে হুথিদের নিয়ন্ত্রণমুক্ত করতে গত এক সপ্তাহ ধরে ইয়েমেনে বিমান অভিযান চালাচ্ছে সৌদি আরব। এ অভিযানে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা চেয়েছিলেন সৌদি ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান। তবে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, গোয়েন্দা সহায়তা ছাড়া আপাতত আর কোনো সহায়তা দিতে পারবে না ওয়াশিংটন।

এমএমডিসি জোটের গঠন

গত জুলাইয়ের মাঝামাঝি ইরানের প্রতি সমর্থন জানিয়ে বাব আল-মান্দেব ও লোহিত সাগরের বাণিজ্যিক জাহাজ চলাচলের পথে অবরোধ জারি করে ইয়েমেনভিত্তিক সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হুথি। বাব আল-মান্দেব লোহিত সাগরকে এডেন উপসাগর ও ভারত মহাসাগরের সঙ্গে যুক্ত করেছে।

ওই অবরোধের প্রেক্ষাপটে গত ৩১ জুলাই সৌদি আরব ১৩ দেশের সমন্বয়ে এমএমডিসি জোট গঠন করে। সৌদি আরব ছাড়া জোটের স্বাক্ষরকারী দেশগুলো হলো বাহরাইন, বাংলাদেশ, কোমোরোস, জিবুতি, মিসর, জর্ডান, কুয়েত, পাকিস্তান, কাতার, সোমালিয়া, সুদান, তুরস্ক ও ইয়েমেন।

এএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন