ধনকুবের ও আধ্যাত্মিক নেতা আগা খানের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

ধনকুবের ও আধ্যাত্মিক নেতা আগা খানের মৃত্যু

ধনকুবের ও বিশ্বখ্যাত আধ্যাত্মিক নেতা প্রিন্স করিম আগা খান মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এ খবর নিশ্চিত করেছে তার দাতব্য সংস্থা আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক। আগা খান ছিলেন ঘোড়দৌড়ের ঘোড়ার একজন শীর্ষস্থানীয় মালিক। তিনি পরিচিত তার বিশাল সম্পদ এবং বিশ্বজুড়ে উন্নয়নমূলক কর্মকাণ্ডের জন্য।

প্রিন্স করিম আগা খান ছিলেন শিয়া ইসমাইলি সম্প্রদায়ের ৪৯তম বংশগত ইমাম। ১৯৫৭ সালে মাত্র ২০ বছর বয়সে দাদার স্থলাভিষিক্ত হয়েছিলেন তিনি। আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক জানিয়েছে, পর্তুগালের লিসবনে স্থানীয় সময় মঙ্গলবার মৃত্যুবরণ করেন তিনি। সেসময় পরিবারের সদস্যরা সবাই তার পাশে ছিলেন।

বিজ্ঞাপন

ব্যক্তিগত জীবনে বিপুল সম্পদের মালিক ছিলেন আগা খান। জীবদ্দশায় তা উপভোগও করেছেন তিনি। বিলাসবহুল জীবন, ব্যক্তিগত জেট বিমান, ২০০ মিলিয়ন ডলারের একটি সুপার-ইয়ট এবং বাহামাসে একটি ব্যক্তিগত দ্বীপের মালিক ছিলেন তিনি। উত্তরাধিকার সূ্ত্রে পাওয়া সম্পদকে নিজের মেধা ও পরিশ্রম দিয়ে বহুগুণ করেছেন। তার সম্পদের আনুমানিক হিসাব ৮০০ মিলিয়ন ডলার থেকে ১৩ বিলিয়ন ডলার পর্যন্ত। এই অর্থ এসেছে তার পারিবারিক উত্তরাধিকার, ঘোড়া প্রজনন ব্যবসা এবং পর্যটন ও রিয়েল এস্টেটে ব্যক্তিগত বিনিয়োগ থেকে।

প্রিন্স শাহ করিম আল হুসেইনি ১৯৩৬ সালের ১৩ ডিসেম্বর সুইজারল্যান্ডের জেনেভায় জন্মগ্রহণ করেন। তার শৈশব কেটেছে কেনিয়ার নাইরোবিতে।

পরে তিনি সুইজারল্যান্ডে ফিরে আসেন এবং লে রোজি স্কুলে পড়াশোনা করেন। এরপর হার্ভার্ডে ইসলামিক ইতিহাস অধ্যয়নের জন্য আমেরিকায় পাড়ি জমান।

তিনি একাধারে ব্রিটিশ, ফরাসি, সুইস ও পর্তুগালের নাগরিক ছিলেন। বিশ্বের দরিদ্রতম অঞ্চলের মানুষকে সাহায্য করার জন্য লাখ লাখ ডলার অনুদান দিয়েছেন এই দানবীর।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘদিনের ব্যক্তিগত বন্ধু আগা খানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ব্রিটেনের রাজা চার্লস। তিনি ব্যক্তিগতভাবে আগা খানের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...