জাপানের ক্ষমতাসীন জোট দেশটির পার্লামেন্টের উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে। তবে প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা বলেছেন, তার এখনই সরে যাওয়ার কোনো পরিকল্পনা নেই।
রোববারের নির্বাচনে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার ক্ষমতাসীন জোট উচ্চকক্ষ হাউজ অব কাউন্সিলরসের ২৪৮টি আসনের মধ্যে ৪৭টিতে জয় পেয়েছে। উচ্চকক্ষের নিয়ন্ত্রণ ধরে রাখতে প্রয়োজনীয় ৫০টি আসন থেকে তিনটি কম থাকায় বেকায়দায় পড়েছে তার দল।
নির্বাচনের এই ফলের পর উচ্চকক্ষে ইশিবার লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি) ও জোট শরিক কোমিতোর মোট আসন দাঁড়িয়েছে ১২২টি।
যদিও এই ভোটে সরাসরি ইশিবার প্রশাসনের পতন হবে না। তবে সংকটে থাকা এই নেতার ওপর চাপ বাড়িয়ে দিয়েছে, যিনি এর আগেই গত অক্টোবরে প্রভাবশালী নিম্নকক্ষের নিয়ন্ত্রণ হারিয়েছেন।
ভোটগ্রহণ শেষ হওয়ার পর প্রধানমন্ত্রী বলেন, তিনি ‘এই কঠিন ফল’ আন্তরিকভাবে গ্রহণ করেছেন, তবে এখন তার দৃষ্টি হলো বাণিজ্য আলোচনা।
গত বছর দেশটির শক্তিশালী নিন্মকক্ষেও সংখ্যাগরিষ্ঠতা হারানোর পর এবার উচ্চকক্ষেও সংখ্যাগরিষ্ঠতা হারালো তার জোট। এটি জোট সরকারের প্রভাব কমাবে বলে মনে করা হচ্ছে।
রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম এনএইচকের রিপোর্ট অনুযায়ী, তারা ৪৭টি টি আসন পেয়েছে। আরও একটি আসনের ফল ঘোষণা বাকি আছে।
উচ্চকক্ষের অর্ধেকের মতো আসনে রোববার ভোটগ্রহণ হয়েছে। এর সদস্যরা ছয় বছর মেয়াদের জন্য নির্বাচিত হয়ে থাকেন।
কান্দা ইউনিভার্সিটি অফ ইন্টারন্যাশনাল স্টাডিজ এর জাপানিজ স্টাডিজের শিক্ষক জেফরি হল বিবিসি নিউজকে বলেছেন, এলডিপির রক্ষণশীল সমর্থন ভিত্তিকে ভাগ করেছে কয়েকটি ডানপন্থী দল।
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী ইশিবাকে যথেষ্ট রক্ষণশীল বলে মনে করেন না সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের সমর্থকরা। তারা মনে করেন, তার শুধু জাতীয়তাবাদী দৃষ্টিভঙ্গীই নেই তা নয়, বরং চীনের বিরুদ্ধেও তার শক্ত দৃষ্টিভঙ্গী নেই, যা শিনজো আবের ছিলো।’
শিনজো আবে এলডিপির সাবেক নেতা এবং জাপানের সবচেয়ে দীর্ঘসময়ের প্রধানমন্ত্রী।
হল বলছেন, দলটির কিছু সমর্থকের সমর্থন এবার সানসেইতো পার্টির দিকে গেছে।
ইশিবার মধ্য ডানপন্থী দলটি ১৯৫৫ সাল থেকে জাপান শাসন করে আসছে। যদিও বহুবার এর নেতা পরিবর্তন হয়েছে।
নির্বাচনের ফলকে ভোটারদের হতাশার বহিঃপ্রকাশ হিসেবে দেখা হচ্ছে। জীবন যাত্রার ব্যয় বৃদ্ধি ও যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনার বিষয়টি এতে ভূমিকা রেখেছে।
বহু মানুষ মূল্যস্ফীতি নিয়ে চরম অসন্তুষ্ট, বিশেষ করে চালের দাম নিয়ে। এরসঙ্গে রয়েছে সাম্প্রতিক বছরগুলোতে এলডিপিকে ঘিরে হওয়া নানা কেলেঙ্কারি।
এলডিপির শেষ তিন প্রধানমন্ত্রীকে উচ্চকক্ষে সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে পদত্যাগ করতে হয়েছিলো দুই মাসের মধ্যে এবং বিশ্লেষকরা মনে করেন এবারেও একই বিষয় হতে পারে।
সেটি হলো দলটির নেতৃত্ব যারা নিতে পারেন তার মধ্যে আছে সানায়ে তাকাইচি। তিনি গত বছর দলের নেতৃত্ব নির্বাচনে দ্বিতীয় অবস্থানে ছিলেন। এছাড়া সাবেক মন্ত্রী তাকাইয়ুকি কোবায়াশি ও সাবেক প্রধানমন্ত্রী জুনিচিরো কইজুমির ছেলে শিনজিরো কইজুমিও রয়েছেন।
কোনো কারণে শাসক দলের নেতৃত্ব পরিবর্তন হলে তা নতুন রাজনৈতিক নাটকীয়তার পাশাপাশি যুক্তরাষ্ট্র-জাপান আলোচনায় জাপান সরকারকে কিছুটা অস্থিতিশীল করবে।
নির্বাচনে ক্ষমতাসীন জোটের সমর্থকরা অনেকেই সানসেইতো পার্টির প্রতি সমর্থন জানিয়েছেন। অভিবাসন বিরোধী অবস্থান ও 'জাপানিজ ফার্স্ট' নীতি নিয়ে তারা রক্ষণশীল ভোটারদের আকৃষ্ট করেছে।
কোভিড মহামারির সময়ে সানসেইতো টিকার বিষয়ে ষড়যন্ত্র তত্ত্ব প্রচার করে ইউটিউবের মাধ্যমে আলোচনায় আসে।
এবারের নির্বাচনে বিদেশী অধিবাসী ও অভিবাসন বিষয়ে তাদের বক্তব্য ব্যাপক প্রচার পেয়েছে।
নিজস্ব সংস্কৃতি আর কড়া অভিবাসন নীতির কারণে বিখ্যাত এই দেশটিতে সাম্প্রতিক বছরগুলোতে পর্যটক ও বিদেশী অধিবাসীর সংখ্যা অনেক বেড়েছে।
ফলে বিদেশীরা সুবিধা নিয়ে নিচ্ছে-এমন সেন্টিমেন্ট সেখানে জোরালো হয়েছে।
এমন প্রেক্ষাপটে বিদেশী নাগরিকদের দ্বারা সংঘটিত অপরাধ বা খারাপ আচরণ মোকাবেলায় একটি টাস্কফোর্স গঠন করেছেন প্রধানমন্ত্রী ইশিবা।
সূত্র: বিবিসি বাংলা
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


