ক্যারিবীয় সাগরে একটি নৌযানে হামলা চালিয়ে চারজনকে হত্যা করেছে যুক্তরাষ্ট্র। গত শনিবারের এ হামলার পর মার্কিন সামরিক বাহিনী দাবি করেছে, নৌযানটি সরাসরি মাদক পাচারে জড়িত ছিল। এ বিষয়ে তাদের কাছে নিশ্চিত গোয়েন্দা তথ্য ছিল বলে জানিয়েছে সাউদার্ন কমান্ড।
ট্রাম্প প্রশাসন যাদের ‘মাদক-সন্ত্রাসী’ হিসেবে চিহ্নিত করেছে, তাদের লক্ষ্য করে গত বছর থেকে ধারাবাহিকভাবে অভিযান চালানো হচ্ছে। শনিবারের হামলাটি সেই অভিযানের সর্বশেষ ঘটনা।
সাউদার্ন কমান্ড সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানিয়েছে, নৌযানটির মাদক পাচারে জড়িত থাকার বিষয়ে তাদের কাছে গোয়েন্দা তথ্য ছিল। তবে হামলার ধরন বা নৌযানটির অবস্থান সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি।
মার্কিন সামরিক বাহিনী আরো জানিয়েছে, এর ১০ দিন আগেও ক্যারিবীয় অঞ্চলে আরেকটি হামলা চালানো হয়েছিল। ওই হামলায় তিনজন নিহত হন।
অভিযান শুরুর পর থেকে ক্যারিবীয় সাগর ও পূর্ব প্রশান্ত মহাসাগরে বিভিন্ন নৌযানে হামলায় ২২০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র।
তবে এসব হামলা নিয়ে আপত্তি জানিয়েছে মানবাধিকার সংস্থাগুলো। তাদের মতে, এসব অভিযান ‘বিচারবহির্ভূত হত্যাকাণ্ড’।
এএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

