ইরানি জাতির সাহস ও দৃঢ়তায় বিস্মিত বিশ্ববাসী: পুতিন

ইরানি জাতির সাহস ও দৃঢ়তায় বিস্মিত বিশ্ববাসী: পুতিন
ছবি: প্রেস টিভি

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইরানি জাতির সাহস, বীরত্ব ও দৃঢ়তা পুরো বিশ্বকে বিস্মিত করেছে। মস্কোয় ভালদাই ডিসকাশন ক্লাবের ২৩তম বার্ষিক সভায় তিনি বলেন, বিশ্ব গভীরভাবে ইরানের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং দেশটির জনগণের প্রতিরোধে হতবাক হয়ে গেছে।

পুতিন বলেন, ইরানের প্রশাসন, সশস্ত্র বাহিনী ও ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) দক্ষ নেতৃত্বের একটি শক্তিশালী পরিসর রয়েছে। এসব নেতার অনেকেই দেশের স্বার্থে আত্মত্যাগে প্রস্তুত।

বিজ্ঞাপন

ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রধান আলি লারিজানি হত্যাকাণ্ডকে ‘বিরাট ভুল’ বলে মন্তব্য করেন পুতিন। তার মতে, লারিজানি ছিলেন সমঝোতাপ্রবণ ব্যক্তি এবং ইরানের জনগণের স্বার্থে সংকটের শান্তিপূর্ণ সমাধান খুঁজতে আগ্রহী ছিলেন।

ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়ে রাশিয়ার প্রস্তাবের কথাও তুলে ধরেন পুতিন। তিনি বলেন, একপর্যায়ে ইরান রাশিয়ার প্রস্তাব অনুযায়ী ইউরেনিয়াম স্থানান্তরে সম্মত হয়েছিল। পরে যুক্তরাষ্ট্রের অবস্থান কঠোর হওয়ায় আলোচনা জটিল হয়ে পড়ে। পুতিন জানান, ইরানের ভূখণ্ডে রাশিয়া-ইরানের যৌথ উদ্যোগে ইউরেনিয়াম ব্যবস্থাপনার প্রস্তাবও মস্কোর পক্ষ থেকে এখনো বহাল রয়েছে।

এছাড়া হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া এবং ইরানের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের আশা প্রকাশ করেন রুশ প্রেসিডেন্ট। তিনি বলেন, ইরানের সার্বভৌমত্বকে সম্মান করে সংকটের সমাধানে রাশিয়া মধ্যস্থতা ও সহযোগিতার জন্য প্রস্তুত।

সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা নিষেধাজ্ঞার মধ্যে রাশিয়া ও ইরানের কৌশলগত সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়েছে। দুই দেশ দীর্ঘমেয়াদি কৌশলগত অংশীদারত্ব চুক্তিও করেছে এবং বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সম্প্রসারণে কাজ চালিয়ে যাচ্ছে রাশিয়া ।

সূত্র: প্রেসি টিভি

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন