ইসরাইলে অস্ত্র রপ্তানি বন্ধের দাবিতে জার্মানির অস্ত্র কারখানা অবরোধ

ইসরাইলে অস্ত্র রপ্তানি বন্ধের দাবিতে জার্মানির অস্ত্র কারখানা অবরোধ
বিক্ষোভ চলাকালীন একজনকে ‘ইসরাইলকে অস্ত্র দেওয়া বন্ধ করো’লেখা প্ল্যাকার্ড হাতে দেখা যায়। বার্লিনে ‘গাজার দিকে সবার নজর’ এবং ‘গণহত্যা বন্ধ করো’ স্লোগান দিয়ে পদযাত্রা করেন। ছবি-গেটি ইমেজেস

ফিলিস্তিনের গাজায় ইসরাইলি সামরিক অভিযানের মধ্যে দেশটিতে জার্মানির অস্ত্র রপ্তানি বন্ধের দাবিতে পূর্ব জার্মানির একটি গোলাবারুদ কারখানার প্রবেশপথ অবরোধ করেছেন ফিলিস্তিনপন্থি বিক্ষোভকারীরা। সোমবার দেশটির লুবেন শহরে ডিয়েল ডিফেন্সের স্প্রিওয়ার্ক লুবেন কারখানার সামনে এ কর্মসূচি পালন করেন ৫০ জনের বেশি বিক্ষোভকারী।

‘পিসফুলি অ্যাগেইনস্ট জেনোসাইড’ নামের একটি সংগঠনের উদ্যোগে এ অবস্থান কর্মসূচি শুরু হয়। ইসরাইলি অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান এলবিট সিস্টেমস ও রাফায়েলের সঙ্গে ডিয়েল ডিফেন্সের অংশীদারত্বের বিরোধিতা করে আসছে সংগঠনটি। তাদের দাবি, গাজায় যুদ্ধ চলার মধ্যেও জার্মানি ইসরাইলে অস্ত্র সরবরাহের অনুমোদন দিয়ে যাচ্ছে।

বিজ্ঞাপন

সংগঠনটির এক বিবৃতিতে বলা হয়, এই প্রতিবাদ কর্মসূচি কেবল শুরু। আগামী দিনগুলোতে আরো অস্ত্র কারখানার সামনে বিক্ষোভ জোরদার করা হবে। তাদের অভিযোগ, জার্মান সরকার ইসরাইলে অস্ত্র রপ্তানির অনুমতি দিয়ে গাজায় সংঘটিত অপরাধে সহযোগী হচ্ছে। এ পরিস্থিতিতে প্রতিবাদ করা সবার দায়িত্ব বলেও মন্তব্য করেছে সংগঠনটি।

বিক্ষোভে অংশ নেওয়া ৩৪ জন সড়কে নিজেদের আটকে রাখেন। পরে পুলিশ অবরোধ সরিয়ে দেয়। কেউ স্বেচ্ছায় সরে যান, অন্যদের সরিয়ে নেওয়া হয়। দুপুরের দিকে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। বিক্ষোভকারীদের পরিচয় নথিভুক্ত করে পুলিশ তাদের ঘটনাস্থল ছাড়ার নির্দেশ দেয়। তাৎক্ষণিকভাবে কাউকে আটক করা হয়নি এবং কেউ আহতও হননি বলে পুলিশ জানিয়েছে।

কারখানায় আবার শুরু হয়েছে গোলাবারুদ উৎপাদন

সাবেক পূর্ব জার্মানির আমলের গোলাবারুদ কারখানা স্প্রিওয়ার্ক লুবেন ২০২৪ সালে ডিয়েল ডিফেন্স ও টাউবার গ্রুপ অধিগ্রহণ করে। ২০২৬ সালের গ্রীষ্মে সেখানে আবার গোলাবারুদ উৎপাদন শুরু হয়। ২০২৭ সালের মধ্যে কারখানাটির কার্যক্রম আরো সম্প্রসারণ করে কামানের গোলা ও রকেট তৈরির পরিকল্পনা রয়েছে।

কারখানাটির সামনে বিক্ষোভকে সংগঠনটি জার্মানির অস্ত্র রপ্তানি নীতির বিরুদ্ধে দেশব্যাপী প্রতিবাদ কর্মসূচির সূচনা হিসেবে বর্ণনা করেছে। আগামী দিনগুলোতে বার্লিনসহ বিভিন্ন শহরের অস্ত্র উৎপাদনকারী প্রতিষ্ঠানের সামনে আরো কর্মসূচি পালনের পরিকল্পনা রয়েছে তাদের।

এর আগে গত ২০ অক্টোবরও জার্মানির একাধিক অস্ত্র উৎপাদনকারী প্রতিষ্ঠানের প্রবেশপথ অবরোধ করেছিলেন একই সংগঠনের কর্মীরা। সে সময় বার্লিনে রাইনমেটালের কারখানা এবং জেনারেল ডায়নামিকসের একটি স্থাপনাসহ কয়েকটি জায়গায় অবস্থান কর্মসূচি পালন করা হয়।

গাজায় ইসরাইলি সামরিক অভিযানের মধ্যে জার্মানির অস্ত্র রপ্তানি নিয়ে দেশটির ভেতরে রাজনৈতিক ও সামাজিক বিতর্কও অব্যাহত রয়েছে। বিক্ষোভকারীরা অস্ত্র সরবরাহ বন্ধের দাবি জানালেও জার্মান সরকারের পক্ষ থেকে এ বিষয়ে নতুন কোনো সিদ্ধান্তের কথা জানানো হয়নি।

সূত্র: মিডল ইস্ট মনিটর, আনাদোলু এজেন্সি ও তাগেসশপিগেল

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...