ইরানের বিরুদ্ধে নতুন যুদ্ধ ইসরাইলের জন্য বুমেরাং হতে পারে কেন

ইরানের বিরুদ্ধে নতুন যুদ্ধ ইসরাইলের জন্য বুমেরাং হতে পারে কেন
ছবি: সংগৃহীত

ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক সংঘাতে জড়ানোর বিষয়ে ইসরাইলের গণমাধ্যম ও সাবেক সামরিক কর্মকর্তাদের মধ্যে উদ্বেগ বাড়ছে। তাদের আশঙ্কা, তেহরানের বিরুদ্ধে নতুন যুদ্ধ শুরু হলে তা শুধু ইরান ও ইসরাইলের মধ্যে সীমাবদ্ধ থাকবে না; বরং পুরো পারস্য উপসাগরীয় অঞ্চলে ছড়িয়ে পড়তে পারে।

ইসরাইলি সংবাদমাধ্যম হারেৎজ এক প্রতিবেদনে সতর্ক করেছে যে, ইরানের সঙ্গে নতুন করে সংঘাতে জড়ানো তেল আবিবের জন্য কৌশলগত ভুল হতে পারে। এতে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির অবনতি, জ্বালানি অবকাঠামোর ক্ষতি এবং বৈশ্বিক অর্থনীতিতে অস্থিরতা দেখা দিতে পারে।

বিজ্ঞাপন

অন্যদিকে, ইসরাইলি সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ইতজাক ব্রিক মারিভ পত্রিকায় প্রকাশিত এক নিবন্ধে সতর্ক করে বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রাজনৈতিক স্বার্থে ইরানের বিরুদ্ধে নতুন সামরিক পদক্ষেপ নিলে পরিণতি ভয়াবহ হতে পারে। এতে আঞ্চলিক সংকট আরও গভীর হওয়ার পাশাপাশি ইসরাইলের অভ্যন্তরীণ রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক চাপ বাড়বে।

বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সংঘাতের অভিজ্ঞতা দেখিয়েছে, সামরিক শ্রেষ্ঠত্ব কিংবা যুক্তরাষ্ট্রের সমর্থন থাকলেই ইরানের বিরুদ্ধে কাঙ্ক্ষিত রাজনৈতিক ও নিরাপত্তাগত লক্ষ্য অর্জন নিশ্চিত হয় না। ইরানের সামরিক সক্ষমতা, ভৌগোলিক অবস্থান এবং পাল্টা প্রতিক্রিয়া জানানোর সামর্থ্য যেকোনো নতুন যুদ্ধের ব্যয় ও ঝুঁকি বাড়িয়ে দিতে পারে।

ইরানের সাথে সাম্প্রতিক সংঘাতের অভিজ্ঞতা থেকে দেখা গেছে যে, তেহরানের বিরুদ্ধে সামরিক পথ বেছে নেওয়া হলে তা রাজনৈতিক ও নিরাপত্তা লক্ষ্য অর্জনের নিশ্চয়তা তো দেয়ই না, বরং যারা এই সংঘাত শুরু করে, তাদের জন্য এটি অপ্রত্যাশিত পরিণতির কারণ হতে পারে।

এছাড়া সংঘাত ছড়িয়ে পড়লে পারস্য উপসাগরের জ্বালানি স্থাপনা, গুরুত্বপূর্ণ বাণিজ্যিক রুট ও পরিবহনব্যবস্থা হুমকির মুখে পড়তে পারে। এর প্রভাব পড়তে পারে আন্তর্জাতিক জ্বালানি বাজার ও বিশ্ববাণিজ্যে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটি ও স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করাও ওয়াশিংটনের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইসরাইলের অভ্যন্তরীণ রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের মধ্যে নতুন যুদ্ধ পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। ফলে নেতানিয়াহু সরকারের রাজনৈতিক হিসাব-নিকাশ এবং ইসরাইলের দীর্ঘমেয়াদি নিরাপত্তা স্বার্থের মধ্যে সংঘাত তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।

সব মিলিয়ে, ইসরাইলি গণমাধ্যম ও সাবেক সামরিক কর্মকর্তাদের সতর্কবার্তায় উঠে এসেছে, ইরানের বিরুদ্ধে নতুন যুদ্ধ শুরু করা যতটা সহজ মনে হতে পারে, তার পরিণতি নিয়ন্ত্রণ করা ততটাই কঠিন। সামরিক অভিযান শুরু করলেই যে কাঙ্ক্ষিত বিজয় আসবে, এমন নিশ্চয়তা নেই। বরং নতুন সংঘাত ইসরাইল, যুক্তরাষ্ট্র এবং গোটা মধ্যপ্রাচ্যকে দীর্ঘস্থায়ী অনিশ্চয়তার মুখে ঠেলে দিতে পারে।

সূত্র: বার্তা সংস্থা মেহের

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন