আফগানিস্তানজুড়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এফএম রেডিও সম্প্রচার স্থগিত করেছে দেশটির তালেবান সরকার। মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছে বিবিসি। সম্প্রচার বন্ধের ঘটনায় সৃষ্ট সংকট নিরসনে আফগান কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।
বিবিসির এক মুখপাত্রের বিবৃতিতে বলা হয়েছে, আফগানিস্তানের লাখ লাখ মানুষ নির্ভুল সংবাদ ও তথ্যের জন্য বিবিসির ওপর নির্ভর করেন। সম্প্রচার স্থগিতের বিষয়টি সমাধানে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।
অন্যদিকে, তালেবান সরকারের তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের মুখপাত্র খোবিব গফরান জানিয়েছেন, বারবার নীতিমালা লঙ্ঘনের অভিযোগে বিবিসির সব কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
তবে কোন নীতিমালা বা নিয়ম লঙ্ঘনের অভিযোগে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সে বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেননি তিনি।
এ ঘটনায় আফগানিস্তানে বিবিসির রেডিও সম্প্রচার কবে পুনরায় চালু হবে, তা এখনো স্পষ্ট নয়। সংকট সমাধানে দুই পক্ষের আলোচনার ফলাফলের ওপরই সম্প্রচার পুনরায় শুরুর বিষয়টি নির্ভর করছে।
সূত্র: রয়টার্স, বিবিসি
এআরবি
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


