দিল্লিতে আজ ফের বিক্ষোভে নামছে ককরোচরা, পুলিশের হুঁশিয়ারি

দিল্লিতে আজ ফের বিক্ষোভে নামছে ককরোচরা, পুলিশের হুঁশিয়ারি
ছবি: সংগৃহীত

দিল্লিতে আজও বিক্ষোভে নামতে যাচ্ছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। কনট প্লেসের সেন্ট্রাল পার্কে ‘তেরঙা ওড়াও’ কর্মসূচির ডাক দিয়েছে ককরোচরা। তবে কর্মসূচির অনুমোদন দেয়নি দিল্লি পুলিশ। আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। পাশাপাশি দিল্লির বিভিন্ন এলাকায় ১৬৩ ধারা জারি করে চার বা তার বেশি মানুষের জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। সেইসঙ্গে আগামী দুইদিনের জন্য সেন্ট্রাল পার্ক বন্ধ করার কথা ঘোষণা করেছে ‘নিউ দিল্লি মিউনিসিপ্যাল কাউন্সিল’।

তবে দিল্লি পুলিশের হুঁশিয়ারিতে না পিছু হটবে না বলে জানিয়েছেন ককরোচ প্রতিষ্ঠাতা অভিজীত দীপকে ও বাম ছাত্র সংগঠন ‘আইসার’ নেত্রী নেহা বোরা। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে তারা জানিয়ে দিয়েছেন ‘তেরঙা ওড়াও’ কর্মসূচি পালনে তারা বদ্ধপরিকর। শুক্রবারের কর্মসূচির আগে কংগ্রেসসহ বিরোধী দলগুলোকে পাশে থাকার আবেদন জানিয়েছেন দীপকে। তার কথায়, ‘‘রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে সব রাজনৈতিক দল, যুবসমাজের ঐক্যবদ্ধ হয়ে শুক্রবার ‘তেরঙা ওড়াও’ কর্মসূচিতে যোগ দেওয়া উচিত।

বিজ্ঞাপন

কনট প্লেস লাগোয়া পালিকা বাজারের পোশাক ব্যবসায়ী অনিলকুমার গুপ্ত নবরাত্রি এবং দশেরা উৎসবের মৌসুমে ব্যবসা বিঘ্নিত হওয়া এবং জীবিকার ক্ষতির আশঙ্কা প্রকাশ করে ‘তেরঙা ওড়াও’ বাতিলের দাবিতে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। বৃহস্পতিবার সেই আবেদনের শুনানির সময় দিল্লি পুলিশের তরফে ‘তেরঙা ওড়াও’ কর্মসূচির বিরুদ্ধে নির্দেশ জারির আবেদন জানানো হলেও তা খারিজ করে দেয় দিল্লি হাইকোর্ট।

পুলিশের বক্তব্য নথিভুক্ত করে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি নিতিন ওয়াসুদেও সাম্ব্রে এবং বিচারপতি সঞ্জয় শর্মার বেঞ্চ জানিয়েছে, আবেদনের পরবর্তী শুনানি হবে ৩ নভেম্বর। অন্যদিকে, দিল্লি পুলিশের পক্ষে আবেদনের শুনানির সময় ‘আশ্বাস’ দেওয়া হয়, শুক্রবারের ককরোচ কর্মসূচির আগে সম্ভাব্য সমস্ত প্রস্তুতি নেওয়া হয়েছে। কনট প্লেসের মতো একটি অত্যন্ত ব্যস্ত বাণিজ্যিক এলাকায় এই ধরনের অননুমোদিত জমায়েতের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে দিল্লি পুলিশের বার্তা- ‘১৬৩ ধারা অমান্য করে জমায়েত হলে কড়া পদক্ষেপ নেওয়া হবে’।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন