কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি যদি আগামী বছরের মাঝামাঝি সময়ের মধ্যে পুনরায় খুলে দেওয়া না হয়, তবে ২০২৭ সালে যুক্তরাজ্যের অর্থনীতি মন্দার মুখে পড়তে পারে।
বৈশ্বিক হিসাব নিরীক্ষা ও পরামর্শক প্রতিষ্ঠান আর্নস্ট অ্যান্ড ইয়ং (ইওয়াই)-এর অর্থনৈতিক পূর্বাভাসে এমন উদ্বেগের কথা জানানো হয়েছে।
প্রতিষ্ঠানটির যুক্তরাজ্যের প্রধান অর্থনীতিবিদ পিটার আর্নল্ড বলেন, ‘আগামী কয়েক মাসের মধ্যে যদি হরমুজ প্রণালি খুলে দেওয়া যায়, তবে যুক্তরাজ্য বড় ধরনের অর্থনৈতিক মন্দা এড়াতে পারবে বলে আমরা আশা করছি। কিন্তু এই পথ বন্ধ থাকার সময়সীমা ২০২৭ সাল পর্যন্ত দীর্ঘায়িত হলে মূল্যস্ফীতি বেড়ে যাবে এবং তা আগামী বছর দেশের অর্থনীতিকে সংকুচিত বা মন্দার দিকে ঠেলে দিতে পারে।’
ইওয়াই জানায়, হরমুজ প্রণালি যদি ২০২৭ সালের শুরু বা মাঝামাঝি সময় পর্যন্ত বন্ধ থাকে, তবে চলতি বছরে যুক্তরাজ্যের অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে ০.৫ শতাংশে নামতে পারে। এর প্রভাবে ২০২৭ সালে দেশটির অর্থনীতি ০.২ শতাংশ সংকুচিত হতে পারে।
তবে ইতিবাচক সম্ভাবনার কথাও তুলে ধরেছে প্রতিষ্ঠানটি। তারা জানায়, চলতি বছরের সেপ্টেম্বরের মধ্যে যদি প্রণালিটি আবার চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়, তবে যুক্তরাজ্যে এ বছর প্রবৃদ্ধি বেড়ে ০.৯ শতাংশ হতে পারে (যা আগে ০.৮ শতাংশ ধরা হয়েছিল)। এর পাশাপাশি ২০২৭ সালে যুক্তরাজ্যের অর্থনীতি ১.২ শতাংশ প্রসারিত হবে বলে পূর্বাভাস দিয়েছে ইওয়াই।
এএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

