লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরাইলি দখলদারত্বের অবসান ছাড়া অন্য কোনো সমাধান গ্রহণযোগ্য নয় বলে দৃঢ় অবস্থান ব্যক্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট জোসেফ আউন। ওয়াশিংটন ডিসিতে লেবানন ও ইসরাইলের কূটনীতিকদের মধ্যে নতুন দফার আলোচনা শুরুর দিনে তিনি এ মন্তব্য করেন।
লেবাননের প্রেসিডেন্সির এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে প্রকাশিত বক্তব্যে আউন বলেন, সাম্প্রতিক ঘটনাপ্রবাহ প্রমাণ করেছে যে আলোচনার পথ বেছে নেওয়ার সিদ্ধান্ত সঠিক ছিল। কারণ জাতীয় লক্ষ্য অর্জন এবং দেশের অধিকার পুনরুদ্ধারের জন্য আন্তর্জাতিকভাবে স্বীকৃত একমাত্র পথ হলো কূটনৈতিক আলোচনা।
তিনি আশা প্রকাশ করে বলেন, ইসরাইলের সঙ্গে চলমান নতুন দফার আলোচনা দেশের স্বার্থ ও জনগণের কল্যাণে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মধ্যে রয়েছে লেবাননের ভূখণ্ডের প্রতিটি ইঞ্চির ওপর পূর্ণ সার্বভৌমত্ব প্রতিষ্ঠা।
প্রেসিডেন্ট আউন বলেন, আজ আমরা স্পষ্টভাবে বলছি, দক্ষিণ লেবাননে ইসরাইলি দখলদারত্বের অবসান ছাড়া আমরা অন্য কিছু মেনে নেব না। তিনি আরও বলেন, আমাদের একমাত্র পথ জাতীয় সার্বভৌমত্ব এবং আমাদের ভরসা লেবানন রাষ্ট্রের ওপর, যে রাষ্ট্র সকলকে সুরক্ষা দেবে, সবার স্বাধীনতা ও মর্যাদা নিশ্চিত করবে এবং ভয় ও অবিচারের অবসান ঘটাবে।
তবে কূটনৈতিক তৎপরতা চলমান থাকলেও লেবাননে ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে সংঘাত পুরোপুরি থামেনি। গত শুক্রবার নতুন করে যুদ্ধবিরতির বিষয়ে সমঝোতা হলেও উভয় পক্ষের মধ্যে বিচ্ছিন্ন সংঘর্ষ অব্যাহত রয়েছে।
এদিকে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, গত ২ মার্চ থেকে দেশটিতে ইসরাইলি হামলায় অন্তত ৪ হাজার ১৯২ জন নিহত এবং ১২ হাজার ১৭১ জন আহত হয়েছেন। তবে নিহত ও আহতদের মধ্যে বেসামরিক নাগরিক ও যোদ্ধাদের পৃথক কোনো পরিসংখ্যান মন্ত্রণালয় প্রকাশ করেনি।
সূত্র: সিএনএন
এআরবি
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন



নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও, বিআইডব্লিউটিএ’র পরিচালক আরিফ বরখাস্ত