ইরানের সেনাবাহিনীর মুখপাত্র মোহাম্মদ আকরামিনিয়া বলেছেন, তেহরান তার প্রতিবেশী দেশগুলোর সঙ্গে কোনো সংঘাতে জড়াতে চায় না। যদিও যুক্তরাষ্ট্র ইরানের বেসামরিক স্থাপনায় হামলা করলে আঞ্চলিক অবকাঠামো ধ্বংস করে দেওয়ার হুমকি দিয়েছিলেন একজন সেনা কর্মকর্তা।
আকরামিনিয়া বলেন, ‘ইরানের কোনো ইচ্ছা নেই প্রতিবেশী দেশ বা এই অঞ্চলের মুসলিম দেশগুলোর সঙ্গে বিরোধে জড়ানোর। ইরান সব সময় আঞ্চলিক দেশগুলোর সঙ্গে সহযোগিতা বাড়ানো এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার ওপর জোর দিয়েছে।’
এক বিবৃতিতে তিনি আরো বলেন, ‘সশস্ত্র বাহিনী ইরানি জাতির নিরাপত্তা, স্বার্থ ও মর্যাদা রক্ষা করাকে তাদের প্রধানতম দায়িত্ব হিসেবে বিবেচনা করে। এ দায়িত্ব পালনের জন্য তারা সর্বোচ্চ চেষ্টা করবে।’
আকরামিনিয়া বলেন, ‘এই অঞ্চলের বাইরের দেশগুলোর উচিত পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে ইরানের সঙ্গে সম্পর্ক রাখা। ইরানের সশস্ত্র বাহিনী দেশের নিরাপত্তা ও জাতীয় স্বার্থ রক্ষায় সম্পূর্ণরূপে প্রস্তুত।’
সূত্র: আলজাজিরা
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


