বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় অর্ণব ধেয়ে যাচ্ছে ভারতের অন্ধ্রপ্রদেশের দিকে। ঝড়টি বুধবার দুপুরে অন্ধ্র উপকূলে আঘাত হানতে পারে। ঘূর্ণিঝড়টি যখন স্থলভাগে প্রবেশ করবে, তখন অন্ধ্র উপকূলে ঘণ্টায় ১৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
ঝড়টি আন্দামানের শ্রীবিজয়পুরম থেকে ৫৯০ কিলোমিটার উত্তর-পশ্চিম, বিশাখাপত্তনম থেকে ৬৫০ কিলোমিটার পূর্ব ও পূর্ব-দক্ষিণ, কাকিনাড়া থেকে ৭৩০ কিলোমিটার পূর্ব ও পূর্ব-দক্ষিণ, মছিলিপত্তনম থেকে ৮৩০ কিলোমিটার পূর্ব এবং বাপাতলা থেকে ৯১০ কিলোমিটার পূর্ব দিকে অবস্থান করছে।
আবহাওয়াবিদেরা জানিয়েছেন, সোমবার মধ্যরাতের মধ্যেই ‘অর্ণব’ তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হবে। আরও শক্তি সঞ্চয় করে তা ‘অতি তীব্র’ আকার নেবে মঙ্গলবার। এরপর ঘূর্ণিঝড়টি আরও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে যাবে এবং অন্ধ্র প্রদেশ ও ইয়ানাম উপকূলে বাপাতলা, বিশাখাপত্তনমের মধ্যবর্তী অংশ দিয়ে স্থলভাগে প্রবেশ করবে।
আঘাত হানার সময় ঝড়ের গতি থাকবে ঘণ্টায় ১১৫ থেকে ১২৫ কিলোমিটার। দমকা হাওয়ার বেগ পৌঁছে যেতে পারে ঘণ্টায় ১৪০ কিলোমিটারেও।
ঘূর্ণিঝড়ের প্রভাবে সমুদ্র উত্তাল রয়েছে। বঙ্গোপসাগরের সংশ্লিষ্ট অংশের ওপর ঘণ্টায় ১০০ কিলোমিটার বেগে ঝড় হচ্ছে। উপকূলের দিকে যত এগোবে, ঝড়ের গতি আরও বাড়বে। অন্ধ্র প্রদেশ এবং দক্ষিণ ওড়িশা উপকূলে জারি করা হয়েছে উচ্চ সতর্কতা। পশ্চিমবঙ্গেও এই ঘূর্ণিঝড়ের কিছুটা প্রভাব পড়বে। একাধিক জেলায় হতে পারে ভারি বৃষ্টি।
সূত্র: আনন্দবাজার অনলাইন
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


