ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং দেশটির গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংয়ের (র) সাবেক প্রধান সামন্ত গোয়েলকে সমন জারি করেছেন যুক্তরাষ্ট্রের একটি আদালত। ওয়াশিংটন ডিসিতে অবস্থিত ভারতীয় দূতাবাসের মাধ্যমে ইতোমধ্যে তাদের কাছে আদালতের এই নোটিশ পৌঁছে দেওয়া হয়েছে।
ভারতের শিখস ফর জাস্টিসের (এসএফজে) নেতা গুরপতবন্ত সিং পান্নুনের দায়ের করা একটি দেওয়ানি মামলার অংশ হিসেবে এই সমন জারি করা হয়েছে। মামলায় দোভাল ও গোয়েলকে বিবাদী করা হয়েছে।
মামলার অভিযোগে বলা হয়েছে, ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’-কে কাজে লাগিয়ে পান্নুনকে হত্যার পরিকল্পনা করেছিলেন অজিত দোভাল। কথিত ওই হত্যাচেষ্টার জন্য ক্ষতিপূরণও দাবি করেছেন তিনি।
উল্লেখ্য, ভারত সরকার কয়েক বছর আগে পান্নুনকে সন্ত্রাসী হিসেবে তালিকাভুক্ত করে। একই সঙ্গে তার নেতৃত্বাধীন শিখস ফর জাস্টিসকে (এসএফজে) বেআইনি সংগঠন ঘোষণা করা হয়। সংগঠনটি খালিস্তান আন্দোলনের সঙ্গে যুক্ত এবং যুক্তরাষ্ট্র ও কানাডায় তাদের তৎপরতা রয়েছে। ভারতীয় কূটনীতিকদের বিরুদ্ধে সহিংসতায় উসকানি দেওয়া এবং ভারতে হামলার হুমকি দেওয়ার অভিযোগও রয়েছে সংগঠনটির বিরুদ্ধে।
খালিস্তান আন্দোলনের মূল লক্ষ্য ভারতের পাঞ্জাবকে আলাদা করে ‘খালিস্তান’ নামে একটি স্বাধীন শিখ রাষ্ট্র প্রতিষ্ঠা করা। নব্বইয়ের দশকে আন্দোলনটি অনেকটা স্তিমিত হওয়ার আগপর্যন্ত পাঞ্জাবে কয়েক দশক ধরে রক্তক্ষয়ী সশস্ত্র সংঘাত চলে। পরবর্তী সময়ে আন্দোলনের সঙ্গে যুক্ত বিভিন্ন গোষ্ঠী ও নেতার অনেকে বিদেশে আশ্রয় নেন। বিশেষ করে কানাডায় অবস্থান করে তারা বিচ্ছিন্নতাবাদী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ ভারতের।
পান্নুনের করা দেওয়ানি মামলাটি এমন এক সময়ে সামনে এল, যখন যুক্তরাষ্ট্রের বিচার বিভাগও তাকে হত্যার ষড়যন্ত্রের বিষয়ে পৃথক একটি ফৌজদারি মামলা পরিচালনা করছে।
মূলত ভারতীয় নাগরিক নিখিল গুপ্তার বিরুদ্ধে মার্কিন তদন্ত থেকেই নতুন এই দেওয়ানি মামলার সূত্রপাত। ২০২৩ সালে চেক প্রজাতন্ত্রে গ্রেপ্তারের পর তাকে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ করা হয়। মার্কিন বিচার বিভাগের অভিযোগ, পান্নুনকে হত্যার জন্য ভাড়াটে খুনি নিয়োগের পরিকল্পনায় যুক্ত ছিলেন গুপ্তা।
যুক্তরাষ্ট্রের অভিযোগপত্রে বলা হয়েছে, এ পরিকল্পনার সঙ্গে বিকাশ যাদব নামে ভারতের এক ব্যক্তি জড়িত ছিলেন, যিনি ওই সময় দেশটির বৈদেশিক গোয়েন্দা সংস্থা ‘র’-এর সঙ্গে যুক্ত ছিলেন বলে অভিযোগ রয়েছে। অন্য কয়েকজনের সহযোগিতায় তারা পান্নুনকে হত্যার পরিকল্পনা করেছিলেন বলে দাবি মার্কিন কর্তৃপক্ষের।
চলতি বছরের শুরুর দিকে নিখিল গুপ্তা তার বিরুদ্ধে আনা সব অভিযোগ স্বীকার করেন। চলতি মাসের শেষদিকে তার সাজা ঘোষণার কথা রয়েছে।
সূত্র: দ্য ওয়্যার
এআরবি
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


