লাহোর কালান্দার্সে নতুন দায়িত্বে বুলবুল

লাহোর কালান্দার্সে নতুন দায়িত্বে বুলবুল

খেলোয়াড়ি জীবনের অভিজ্ঞতা, ক্রিকেট উন্নয়নে কাজ এবং প্রশাসনিক দক্ষতা মিলিয়ে নতুন দায়িত্ব পেলেন আমিনুল ইসলাম বুলবুল। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দল লাহোর কালান্দার্সের হাই-পারফরম্যান্স সেন্টারের উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক এই বিসিবি সভাপতি। মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি।

বিজ্ঞাপন

নতুন দায়িত্বে হাই-পারফরম্যান্স সেন্টারগুলোর কার্যক্রম ও মানোন্নয়ন, ক্রিকেটারদের দক্ষতা বৃদ্ধি, আধুনিক কোচিং পদ্ধতি এবং তরুণ খেলোয়াড়দের বিকাশ নিয়ে কাজ করবেন বুলবুল। তাঁর দীর্ঘদিনের আন্তর্জাতিক ক্রিকেট ও প্রশাসনিক অভিজ্ঞতা কাজে লাগিয়ে তৃণমূল পর্যায়ে ক্রিকেটের ভিত্তি আরও শক্তিশালী করতে চায় লাহোর কালান্দার্স। বাংলাদেশেও নিজেদের ক্রিকেট কার্যক্রম বিস্তারের পরিকল্পনা রয়েছে দলটির।

ক্রিকেটার হিসেবে ১৯৮৮ থেকে ২০০২ সাল পর্যন্ত বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন বুলবুল। ১৯৯৯ বিশ্বকাপে জাতীয় দলের অধিনায়ক ছিলেন তিনি। বাংলাদেশের প্রথম টেস্টে শতক হাঁকিয়ে ইতিহাসেও জায়গা করে নেন সাবেক এই ব্যাটার।

খেলোয়াড়ি জীবন শেষে ক্রিকেট প্রশাসন ও উন্নয়ন কার্যক্রমেও যুক্ত হন বুলবুল। ২০১৫ থেকে ২০২৫ সাল পর্যন্ত আইসিসির ক্রিকেট ডেভেলপমেন্ট ম্যানেজার (এশিয়া) হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে কাজ করেছেন এশিয়ান ক্রিকেট কাউন্সিলেও (এসিসি)। সবশেষ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতির দায়িত্ব সামলেছেন তিনি।

বুলবুলের এই নিয়োগের মধ্য দিয়ে বাংলাদেশে ক্রিকেট কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনায় অভিজ্ঞ একজন সংগঠককে পাশে পেল লাহোর কালান্দার্স।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন