রাওয়ালপিন্ডি টেস্ট

পাকিস্তানের দাপটে চাপে শ্রীলঙ্কা

পাকিস্তানের দাপটে চাপে শ্রীলঙ্কা

রাওয়ালপিন্ডি টেস্টের দ্বিতীয় দিনটা পাকিস্তানের। ব্যাট হাতে অভিষিক্ত তিন ক্রিকেটারের অর্ধশতক, সঙ্গে অভিজ্ঞ বাবর আজমের ফিফট; সব মিলিয়ে স্বাগতিকদের ইনিংস থেমেছে ৯ উইকেটে ৪৩৪ রানে। জবাবে ব্যাট করতে নেমে দিনের শেষ ভাগে তিন উইকেট হারিয়ে চাপে পড়েছে শ্রীলঙ্কা। আলোকস্বল্পতায় খেলা আগেভাগে শেষ হওয়ার সময় সফরকারীদের সংগ্রহ ৩ উইকেটে ১১৪ রান। পাকিস্তানের চেয়ে তারা পিছিয়ে ৩২০ রানে।

বিজ্ঞাপন

দিনের শুরুতে ৫ উইকেটে ২৮১ রান নিয়ে ব্যাট করতে নামে পাকিস্তান। আগের দিনের অপরাজিত সৌদ শাকিল ও গাজি ঘোরি ষষ্ঠ উইকেটে যোগ করেন ৯৬ রান। ৭২ বলে ৪৮ রান করে ঘোরি ফিরলেও একপ্রান্ত আগলে রাখেন সৌদ। তবে সেঞ্চুরি থেকে মাত্র ৭ রান দূরে থাকতে আসিতা ফার্নান্দোর বলে কুশল মেন্ডিসের হাতে ক্যাচ দেন তিনি। ১৯৯ বলে ৯৩ রানের ইনিংসে ছিল ৯টি চার।

এরপর অভিষিক্ত আরাফাত মিনহাসের ব্যাটে এগিয়ে যায় পাকিস্তান। ৭২ বলে ৫২ রান করেন তিনি। রাজাউল্লাহর সঙ্গে অষ্টম উইকেটে গড়েন ৪১ রানের জুটি। টেস্ট অভিষেকে আট বা তার নিচে ব্যাটিংয়ে নেমে ফিফটি করা পাকিস্তানের সপ্তম ক্রিকেটার হলেন আরাফাত।

এর আগে অভিষিক্ত তাইয়াব আরিফ ৫১ বলে ৫৭ এবং মোহাম্মদ তাহা ১০৫ বলে ৫১ রান করেন। অধিনায়ক বাবর আজমের ব্যাট থেকে আসে ৫০ রান। ফলে সেঞ্চুরি না পেলেও পাকিস্তানের ইনিংসে ফিফটি হয়েছে মোট পাঁচটি। শ্রীলঙ্কার হয়ে আসিতা ফার্নান্দো ও দিলশান মাদুশঙ্কা নেন ৩টি করে উইকেট।

ব্যাটিংয়ের পর বল হাতেও পাকিস্তানকে এগিয়ে দেন অভিষিক্ত সাকিব খান। শ্রীলঙ্কার দুই টপ অর্ডার দিনেশ চান্দিমাল ও লাহিরু উদারাকে ফিরিয়েছেন তিনি। মোহাম্মদ আব্বাসের শিকার হন পাসিন্দু সুরিয়াবান্দারা। উদারা ৫২ বলে ৪২ রান করে ফিরেছেন, চান্দিমালের সংগ্রহ মাত্র ১।

এরপর কামিন্দু মেন্ডিস ও ধনাঞ্জয়া ডি সিলভা অবিচ্ছিন্ন থেকে দিন শেষ করেন। কামিন্দু ৭৮ বলে ৪০ এবং ধনাঞ্জয়া ২৮ বলে ২২ রানে অপরাজিত। আলোকস্বল্পতায় দিনের খেলা শেষ হওয়ার আগে তাঁরা চতুর্থ উইকেটে ৪৯ রান যোগ করেছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন