পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, গঙ্গা নদীর পানি বণ্টনে নতুন চুক্তি সম্পাদনে সরকার কাজ করছে। নতুন চুক্তি স্বাক্ষরের জন্য ইতিমধ্যে উচ্চপর্যায়ের একটি কারিগরি কমিটি গঠন করা হয়েছে। এ কারিগরি কমিটি বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট যাবতীয় বিষয় বিবেচনায় নিয়ে কাজ করছে। ভারতকে ইতিমধ্যে কূটনৈতিক মাধ্যমে নতুন চুক্তি স্বাক্ষরের লক্ষ্যে আলোচনার আহ্বান জানানো হয়েছে।
মঙ্গলবার জাতীয় সংসদের প্রশ্নোত্তরে গোপালগঞ্জ-১ আসনের মো. সেলিমুজ্জামানের প্রশ্নের জবাবে পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি এ কথা বলেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদে বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর অনুষ্ঠিত হয়। পানিসম্পদমন্ত্রীর অনুপস্থিতিতে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ সংসদে প্রশ্নোত্তরে অংশ নেন।
মো. সেলিমুজ্জামানের প্রশ্নের জবাবে পানিসম্পদমন্ত্রী বলেন, ১৯৯৬ সালের ১২ ডিসেম্বর ফারাক্কায় গঙ্গা নদীর পানি বণ্টন বিষয়ে ভারতের সঙ্গে ৩০ বছর মেয়াদি একটি চুক্তি স্বাক্ষরিত হয়। এ বছর ডিসেম্বর মাসে চুক্তির মেয়াদ শেষ হবে।
১৯৯৬ সালে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী ফারাক্কায় গঙ্গার প্রবাহ দুই দেশের মধ্যে বণ্টন করা হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, চুক্তিটির বাস্তবায়নকাল প্রতিবছর ১ জানুয়ারি থেকে ৩১ মে পর্যন্ত। চুক্তির সংশ্লিষ্ট ফর্মুলা অনুযায়ী ১৯৯৭ সাল থেকে ফারাক্কায় গঙ্গা নদীর প্রবাহ দুই দেশের মধ্যে বণ্টন করা হয়।
ফরিদপুর-৪ আসনের মো. শহিদুল ইসলামের প্রশ্নের জবাবে পানিসম্পদমন্ত্রী বলেন, তিস্তা নদী অববাহিকার বন্যা ব্যবস্থাপনা, নদীভাঙন রোধ, শুষ্ক মৌসুমে পানি সংরক্ষণ, সেচ সুবিধা সম্প্রসারণ, পরিবেশ পুনরুদ্ধার ও জলবায়ু সহনশীলতা নিশ্চিত করতে সমন্বিত ও টেকসই ব্যবস্থাপনার জন্য একটি সমীক্ষা প্রকল্প গ্রহণ করা হয়েছে।
তিস্তার পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করে একটি টেকসই চুক্তি স্বাক্ষরে বর্তমান সরকার বদ্ধপরিকর উল্লেখ করে মন্ত্রী বলেন, আমরা আশা করব, আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত নদীর ইকোসিস্টেম এবং তিস্তানির্ভর এলাকার মানুষের দুঃখ-দুর্দশা নিরসনে ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

