ক্যাম্পাসে সহিংসতা প্রতিরোধে সব ছাত্রসংগঠনকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ছাত্র জমিয়তের

ক্যাম্পাসে সহিংসতা প্রতিরোধে সব ছাত্রসংগঠনকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ছাত্র জমিয়তের

ক্যাম্পাসে সহিংসতা ও নৈরাজ্য প্রতিরোধে দলমত-নির্বিশেষে সব ছাত্রসংগঠনকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছে ছাত্র জমিয়ত বাংলাদেশ। সংগঠনটির নেতারা বলেছেন, সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে সবাইকে একযোগে কাজ করতে হবে।

বিজ্ঞাপন

মঙ্গলবার বাদ আসর রাজধানীর শাহবাগ চত্বর থেকে শিক্ষাঙ্গনে সন্ত্রাস, নৈরাজ্য ও ককটেল বিস্ফোরণের প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল বের করে সংগঠনটির ঢাকা মহানগর দক্ষিণ শাখা। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন নেতাকর্মীরা।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাআদ বিন জাকির বলেন, সম্প্রতি দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ক্যাম্পাসে হামলা, ককটেল বিস্ফোরণ ও সহিংসতার ঘটনায় শিক্ষার স্বাভাবিক পরিবেশ মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এসব ধ্বংসাত্মক কর্মকাণ্ডের মাধ্যমে ক্যাম্পাসগুলোকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে বলে তিনি অভিযোগ করেন।

জুলাই আন্দোলনের স্মৃতিচারণ করে তিনি বলেন, ‘জুলাই আন্দোলনে যেসব ছাত্রসংগঠন ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে অংশ নিয়েছিল, শিক্ষাঙ্গনের নিরাপত্তা ও শিক্ষার পরিবেশ রক্ষায় তাদের আবারও ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন। ছাত্রলীগসহ যেকোনো পক্ষের সহিংস কর্মকাণ্ড প্রতিরোধে ছাত্রসংগঠনগুলোকে শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে হবে।’

এ সময় ছাত্রশিবিরের ভূমিকার সমালোচনা করে সাআদ বিন জাকির বলেন, বিভিন্ন ক্যাম্পাসে সহিংসতা ও বিস্ফোরণের ঘটনা ঘটলেও সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তায় ছাত্রশিবিরের দৃশ্যমান কোনো ভূমিকা দেখা যাচ্ছে না। অতীতের রাজনৈতিক অবস্থানের প্রসঙ্গ টেনে তিনি বলেন, শিক্ষার্থীদের বৃহত্তর স্বার্থে অতীতের হিসাব-নিকাশের ঊর্ধ্বে উঠে সব ছাত্রসংগঠনের উচিত সহিংসতার বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া।

তিনি আরও বলেন, শিক্ষাঙ্গনে কোনো ধরনের সন্ত্রাস, দখলদারত্ব কিংবা ফ্যাসিবাদী তৎপরতার সুযোগ থাকতে পারে না। জুলাই আন্দোলনের মতো প্রয়োজন হলে শিক্ষার্থীরা আবারও ঐক্যবদ্ধভাবে সব অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে। ক্যাম্পাসের নিরাপত্তা ও শিক্ষার্থীদের অধিকার রক্ষায় ছাত্র জমিয়ত সর্বদা পাশে থাকবে বলেও ঘোষণা দেন তিনি।

ছাত্র জমিয়ত বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক সাঈফ বিন জামালের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন সংগঠনটির কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক মারুফ বিল্লাহ, সাংগঠনিক সম্পাদক ইনামুল হাসান নাঈম, প্রচার সম্পাদক আহমাদ আল গাজী, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক মাহমুদুল হাসান ত্বকী, ঢাকা মহানগর পূর্বের সহসভাপতি কামরুল ইসলাম, মাহাদী হাসান ইয়ামিন, আহমাদ ও হুজাইফাসহ মহানগরের অন্যান্য নেতৃবৃন্দ।

মিছিল ও সমাবেশে অংশগ্রহণকারীরা ‘শিক্ষাঙ্গনে সহিংসতা বন্ধ করো, নিরাপদ ও শান্তিপূর্ণ শিক্ষার পরিবেশ নিশ্চিত করো’ ইত্যাদি স্লোগান দেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন