ককটেল-ফটকা ফুটিয়ে ছাত্রদলকে ভয় দেখানো যাবে না: নাসির উদ্দীন

ককটেল-ফটকা ফুটিয়ে ছাত্রদলকে ভয় দেখানো যাবে না: নাসির উদ্দীন

দেশব্যাপী আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা কলেজ শাখার উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার বিকেল ৪টায় ঢাকা কলেজের মূল ফটকের সামনে থেকে এই বিক্ষোভ মিছিল শুরু হয়। এ সময় মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা বিভিন্ন সরকারবিরোধী ও স্লোগান দেন। তাদের মুখে ‘আপা আপা করিস না, তোগো আপা আইবো না’, ‘একটা একটা লীগ ধর, ধইরা ধইরা জেলে ভর’ এবং ‘আওয়ামী লীগের ঠিকানা, এই বাংলায় হবে না’ ইত্যাদি স্লোগান শোনা যায়।

বিক্ষোভ মিছিলে প্রধান অতিথির বক্তব্যে ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীদের দীর্ঘদিনের স্বপ্ন ছিল, দলের চেয়ারম্যান তারেক রহমান জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন। সেই স্বপ্ন আজ বাস্তবায়িত হয়েছে। কিন্তু পরাজিত ফ্যাসিস্ট শক্তি এবং অতীতে বিভিন্ন আন্দোলনে পরাস্ত শক্তিগুলো একত্র হয়ে বর্তমান সরকারের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।

তিনি আরো বলেন, গত ১৭ বছরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের অসংখ্য নেতাকর্মী হামলা, মামলা ও গুমের শিকার হয়েছেন। তারপরও বর্তমান পরিস্থিতিতে যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় নেতাকর্মীদের রাজপথে অত্যন্ত সক্রিয় থাকতে হচ্ছে।

শিক্ষাপ্রতিষ্ঠানে ককটেল বিস্ফোরণের প্রসঙ্গ টেনে ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বলেন, জুলাই-আগস্টে আমরা ঐক্যবদ্ধভাবে রাজপথে থেকে শেখ হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করেছি। সেই ক্ষোভ থেকেই শিক্ষাপ্রতিষ্ঠান অস্থিতিশীল করতে এবং সাধারণ শিক্ষার্থীদের বিভ্রান্ত করার চক্রান্ত চলছে। তবে কয়েকটি ককটেল ও ফটকা ফুটিয়ে ছাত্রদলের নেতাকর্মীদের ভয় দেখানো সম্ভব নয়। জুলাই-আগস্টে আমরা বুলেটের সামনে বুক পেতে দিয়েছি, পিছু হটিনি।

আমাদের নেতাকর্মীরা গুলিবিদ্ধ হয়েছেন, তবুও রাজপথ ছাড়েননি উল্লেখ করে তিনি বলেন, সুতরাং এই ধরনের ভয় দেখিয়ে লাভ নেই।

ঢাকা কলেজ ছাত্রদলের আহ্বায়ক পিয়াল হাসানের সভাপতিত্বে ও সদস্য সচিব মিল্লাদ হোসেনের সঞ্চালনায় মিছিলে আরও উপস্থিত ছিলেন ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মামুনুর রহমান, আবির রায়হান ও শাহাবুদ্দিন ইমনসহ আহ্বায়ক কমিটির সদস্য এবং সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন