সাড়ে চার বছর পর

দুদকের চাকরিতে ফিরলেন আলোচিত শরীফ

দুদকের চাকরিতে ফিরলেন আলোচিত শরীফ
দুদকের আলোচিত উপসহকারী পরিচালক শরীফ উদ্দিন। ছবি: আমার দেশ

সাড়ে চার বছরের বেশি সময় পর দুর্নীতি দমন কমিশনের (দুদক) চাকরিতে ফিরেছেন আলোচিত সাবেক উপসহকারী পরিচালক মো. শরীফ উদ্দিন। চাকরি থেকে অপসারণের আদেশ আদালতে অবৈধ ঘোষণার পর দীর্ঘ আইনি লড়াই শেষে তাঁকে পুনর্বহাল করেছে দুদক। জ্যেষ্ঠতা ও বিধি অনুযায়ী বকেয়া বেতন-ভাতাসহ সব সুযোগ-সুবিধা পাবেন তিনি। মঙ্গলবার বিকেলে ঢাকার সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে যোগ দেন এই কর্মকর্তা।

দুদকের ১০ নভেম্বর জারি করা পুনর্বহাল আদেশে বলা হয়েছে, কমিশনের ৯ নভেম্বর অনুষ্ঠিত ১৩/২০২৬ নম্বর সভায় শরীফ উদ্দিনকে চাকরিতে পুনর্বহলের সিদ্ধান্ত নেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে ২০২২ সালের ১৬ ফেব্রুয়ারি তাঁকে চাকরি থেকে অপসারণের আগের আদেশ প্রত্যাহার করে বিধি মোতাবেক জ্যেষ্ঠতা ও সব বকেয়া সুযোগ-সুবিধাসহ পুনর্বহাল করা হয়েছে। আদেশে স্বাক্ষর করেন দুদক চেয়ারম্যান বিচারপতি এ কে এম আসাদুজ্জামান।

বিজ্ঞাপন

এর আগে ২০২২ সালের ১৬ ফেব্রুয়ারি দুদক কর্মচারী চাকরি বিধিমালা, ২০০৮-এর ৫৪(২) বিধি প্রয়োগ করে শরীফ উদ্দিনকে চাকরি থেকে অপসারণ করা হয়েছিল। এ সিদ্ধান্ত তখন দুদকের ভেতরে-বাইরে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেয়। তাঁর অপসারণের প্রতিবাদে সংস্থাটির কর্মকর্তা-কর্মচারীদের একাংশ মানববন্ধনও করেন।

দুদকে যোগদানের পর চট্টগ্রামে দায়িত্ব পালনকালে একের পর এক আলোচিত দুর্নীতির অনুসন্ধান করে পরিচিতি পান শরীফ উদ্দিন। কক্সবাজারের ভূমি অধিগ্রহণে অনিয়ম ও জালিয়াতি, রোহিঙ্গাদের জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্ট তৈরির জালিয়াত চক্র, কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির নিয়োগ ও পদোন্নতিতে অনিয়ম এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের দুর্নীতির অভিযোগ অনুসন্ধান করে আলোচনায় আসেন তিনি।

দুদকের তথ্য অনুযায়ী, ২০১৪ সালের ১২ অক্টোবর সংস্থাটিতে যোগ দেন শরীফ উদ্দিন। ২০১৬ সালের ৭ ডিসেম্বর তাঁকে চট্টগ্রামে পদায়ন করা হয়। সেখানে প্রায় তিন বছর দায়িত্ব পালন করেন। এ সময়ে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে অনুসন্ধান চালিয়ে সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতা এবং বিভিন্ন প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট ব্যক্তিদের নাম সামনে আনেন। চাকরির মেয়াদে প্রায় অর্ধশত মামলা এবং ২০টির বেশি অভিযোগপত্র দাখিল করেন তিনি।

তাঁর আলোচিত অনুসন্ধানগুলোর মধ্যে ছিল কক্সবাজারের ভূমি অধিগ্রহণ শাখার দুর্নীতি। ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণের অর্থ নিয়ে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ অনুসন্ধান করতে গিয়ে একাধিক ব্যক্তি ও কর্মকর্তার সংশ্লিষ্টতার তথ্য সামনে আসে। একই সঙ্গে রোহিঙ্গাদের অবৈধভাবে জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্ট তৈরি করে দেওয়ার চক্রের বিরুদ্ধেও অনুসন্ধান চালান তিনি। কক্সবাজারের ইয়াবা চোরাচালান এবং তালিকাভুক্ত মাদক কারবারিদের বিরুদ্ধেও মামলা করেন।

এ ছাড়া কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের নিয়োগ, পদোন্নতি ও গ্যাস সংযোগে অনিয়মের অভিযোগ অনুসন্ধান করেন শরীফ। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের দুর্নীতির অভিযোগে তৈরি করেন ১৮২ পৃষ্ঠার অনুসন্ধান প্রতিবেদন। এসব অনুসন্ধানের কারণে দায়িত্ব পালনকালে প্রাণনাশের হুমকি পাওয়ার অভিযোগও করেছিলেন তিনি। এ ঘটনায় থানায় জিডি করেন।

২০২১ সালের ১৬ জুন তাঁকে চট্টগ্রাম থেকে পটুয়াখালীতে বদলি করা হয়। সেখানে কর্মরত অবস্থায় ২০২২ সালের ১৬ ফেব্রুয়ারি চাকরি থেকে অপসারণের আদেশ পান তিনি। ওই আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে ২০২২ সালের ১৩ মার্চ হাইকোর্টে রিট করেন শরীফ উদ্দিন।

দীর্ঘ আইনিপ্রক্রিয়া শেষে ২০২৫ সালের ৯ জুলাই হাইকোর্ট তাঁর অপসারণের আদেশকে আইনগত কর্তৃত্ববহির্ভূত এবং শুরু থেকেই বাতিল ঘোষণা করেন। একই সঙ্গে রায়ের সার্টিফায়েড কপি পাওয়ার ৩০ দিনের মধ্যে জ্যেষ্ঠতা ও বকেয়া সুযোগ-সুবিধাসহ তাঁকে চাকরিতে পুনর্বহালের নির্দেশ দেন আদালত। আদালত রিটটি ‘রুল অ্যাসুলিট’ মর্মে ঘোষণা করেন।

হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে সিভিল পিটিশন ফর লিভ টু আপিল দায়ের করেছিল দুদক। তবে পরবর্তী সময়ে সংস্থাটি ওই আবেদন আর পরিচালনা না করার সিদ্ধান্ত নেয়। গত ১৫ অক্টোবর আপিল বিভাগের চেম্বার আদালত আবেদনটি খারিজ করেন। ফলে হাইকোর্টের দেওয়া পুনর্বহালের রায় বহাল থাকে এবং শরীফ উদ্দিনের চাকরিতে ফেরার আইনি বাধা দূর হয়।

এরপর গত ২৫ অক্টোবর চাকরিতে পুনর্বহালের জন্য দুদকে নতুন করে আবেদন করেন শরীফ উদ্দিন। ৯ নভেম্বর অনুষ্ঠিত কমিশনের সভায় তাঁর আবেদন ও আদালতের রায় পর্যালোচনা করে পুনর্বহালের সিদ্ধান্ত নেওয়া হয়। পরদিন ১০ নভেম্বর কমিশনের চেয়ারম্যানের স্বাক্ষরে আনুষ্ঠানিক আদেশ জারি করা হয়। এতে ২০২২ সালের ১৬ ফেব্রুয়ারির অপসারণের আদেশ প্রত্যাহার করে তাঁকে চাকরিতে পুনর্বহাল করা হয়। একই সঙ্গে বিধি অনুযায়ী তাঁর জ্যেষ্ঠতা ও বকেয়া সুযোগ-সুবিধা দেওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন