সিরাজগঞ্জে মাদক মামলায় তিন জনের যাবজ্জীবন

সিরাজগঞ্জে মাদক মামলায় তিন জনের যাবজ্জীবন

সিরাজগঞ্জে পৃথক দুটি মাদক মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক লায়লা শারমীন এ রায় প্রদান করেন।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামসুজ্জোহা শাহানশাহ এ তথ্য নিশ্চিত করে বলেন, রায় ঘোষণার সময় আসামিরা পলাতক ছিলেন। তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

দণ্ডপ্রাপ্তরা হলেন সিরাজগঞ্জ পৌর এলাকার হোসেনপুর পুঠিয়াবাড়ি মহল্লার সাগর শেখের ছেলে আলম শেখ, মুন্সিগঞ্জ জেলার উত্তর কাজী কসবা গ্রামের মৃত হাতেম কাজীর ছেলে কাজী দিপু এবং মালিরপাথর গ্রামের মৃত আব্দুল জয়নালের ছেলে সম্রাট।

মামলার নথি থেকে জানা যায়, ২০১৯ সালের ১৩ ফেব্রুয়ারি সকালে র‍্যাব-১২-এর সদস্যরা সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ভদ্রঘাট মহাসড়কে বিশেষ চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালান। এ সময় বগুড়া থেকে ঢাকাগামী একটি প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে ভারতীয় ২৬৬ বোতল ফেনসিডিলসহ গাড়িচালক কাজী দিপু ও তাঁর সহযোগী সম্রাটকে আটক করেন র‍্যাবের সদস্যরা। এ ঘটনায় র‍্যাবের ডিএডি মোহাম্মদ আবু হানিফ বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলার সাক্ষ্যপ্রমাণ শেষে আজ কাজী দিপু ও তাঁর সহযোগী সম্রাটকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত।

অপর দিকে, ২০২১ সালের ১৫ সেপ্টেম্বর সিরাজগঞ্জ শহরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ২৭ গ্রাম হেরোইন ও ৩০ পুড়িয়া গাঁজাসহ আলম শেখকে আটক করে পুলিশ। এ ঘটনায় শহরের ২ নম্বর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মোস্তাফিজুর রহমান বাদী হয়ে মামলা দায়ের করেন। এ মামলায় আজ আলম শেখকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন