নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ড এলাকায় জামিয়া আশরাফিয়া মাদ্রাসায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অসুস্থ ৬৩ শিক্ষার্থীর সুচিকিৎসা ও ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানের যথাযথ ক্ষতিপূরণ নিশ্চিত করার দাবি জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ।
গতরাতের এ অগ্নিকাণ্ডে ৬৩ জন শিক্ষার্থী অসুস্থ হওয়া এবং তাঁদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি।
বুধবার দেওয়া এক বিবৃতিতে মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, একটি দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের ভয়াবহ অগ্নিকাণ্ড এবং কোমলমতি শিক্ষার্থীদের জীবন ঝুঁকির মুখে পড়ার ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। আহত শিক্ষার্থীদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তিনি তাঁদের দ্রুত সুস্থতা কামনা করেন।
তিনি বলেন, বিশেষ করে আশঙ্কাজনক অবস্থায় থাকা শিক্ষার্থীদের চিকিৎসার বিষয়টি অত্যন্ত জটিল ও সংবেদনশীল। তাঁদের জীবন রক্ষায় সর্বোচ্চ উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে সরকারকে অবিলম্বে কার্যকর উদ্যোগ নিতে হবে। প্রয়োজনে বিদেশে উন্নত চিকিৎসার ব্যবস্থাসহ চিকিৎসার যাবতীয় ব্যয়ভার সরকারকে বহন করতে হবে।
বিবৃতিতে তিনি আরও বলেন, এত বড় একটি দুর্ঘটনার পর আহত শিক্ষার্থীদের চিকিৎসা, ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানের পুনর্বাসন এবং সার্বিক পরিস্থিতি মোকাবিলায় সরকারের পক্ষ থেকে দ্রুত ও সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ জরুরি। এ বিষয়ে সরকারের দায়িত্বশীল বক্তব্য ও কার্যকর উদ্যোগ প্রত্যাশা করছি। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত জামিয়া আশরাফিয়া মাদ্রাসার অবকাঠামোগত ক্ষয়ক্ষতি নিরূপণ করে যথাযথ ক্ষতিপূরণ প্রদান এবং প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রম স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করতে হবে।
মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, মাদ্রাসাগুলো এ দেশের দ্বীনি শিক্ষা, নৈতিকতা ও ইসলামী মূল্যবোধের চর্চা এবং প্রচার-প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এসব প্রতিষ্ঠানের যেকোনো সংকট ও বিপর্যয়ে রাষ্ট্রের দায়িত্বশীল সহযোগিতা প্রত্যাশিত। এ দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থী ও প্রতিষ্ঠানের পাশে সরকার সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে দাঁড়াবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এদিকে, অগ্নিকাণ্ডের ঘটনায় বুধবার বাংলাদেশ খেলাফত মজলিসের একটি প্রতিনিধি দল জামিয়া আশরাফিয়া মাদ্রাসা পরিদর্শন করেন। প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মুসা, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা সানাউল্লাহ আমিনী এবং নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মাওলানা মামুনুর রশিদ।
প্রতিনিধি দলের সদস্যরা দুর্ঘটনার সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন। এ সময় তাঁরা আহত শিক্ষার্থীদের সুচিকিৎসা, ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানের যথাযথ ক্ষতিপূরণ ও পুনর্বাসনে সরকারের দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


