প্রতিবাদে কার্যালয় অবরুদ্ধ, বিক্ষোভ

রামেক পরিচালকের সঙ্গে ছাত্রলীগের গোপন বৈঠকের অভিযোগ

রামেক পরিচালকের সঙ্গে ছাত্রলীগের গোপন বৈঠকের অভিযোগ

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল পরিচালকের সঙ্গে গোপন বৈঠকের অভিযোগে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের দুই সাবেক নেতাকে অবরুদ্ধ করে বিক্ষোভ করেছেন চিকিৎসকেরা ও সাধারণ শিক্ষার্থীরা। পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে পুলিশ অভিযুক্ত দুই সাবেক ছাত্রলীগ নেতাকে নিজেদের হেফাজতে নেয়।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে রামেক হাসপাতালের পরিচালক কার্যালয়ে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

আটককৃত দুজন হলেন—রামেক শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি ডা. শুভ সরকার এবং সাবেক সাধারণ সম্পাদক ডা. নাহিদ রানা।

প্রত্যক্ষদর্শী ও বিক্ষোভকারীদের অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষ নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের গোপনে মদদ দিচ্ছে—এমন সন্দেহে দুই সাবেক ছাত্রলীগ নেতাকে পরিচালকের কক্ষে অবরুদ্ধ করে রাখা হয়। এ খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ শিক্ষার্থী ও চিকিৎসকরা পরিচালকের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এতে হাসপাতাল চত্বরে কিছু সময়ের জন্য থমথমে পরিস্থিতির সৃষ্টি হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) গাজিউর রহমান জানান, খবর পাওয়ার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ করে।

তিনি বলেন, ‘‘মেট্রোপলিটন পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে গিয়ে হাসপাতালের পরিচালকের কক্ষে প্রবেশ করে। এ সময় কয়েকজন শিক্ষার্থী পুলিশকে ভেতরে প্রবেশে বাধা দেওয়ার চেষ্টা করলেও দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। পূর্বে প্রাপ্ত বিভিন্ন অভিযোগ ও উদ্ভূত পরিস্থিতি বিবেচনা করে অবরুদ্ধ দুই সাবেক নেতাকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। উত্থাপিত অভিযোগগুলো খতিয়ে দেখে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’’

বিমানবন্দর এলাকায় গ্রেনেডসদৃশ বস্তু উদ্ধার

অন্যদিকে, একই দিনে রাজশাহী বিমানবন্দর এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় দুটি গ্রেনেডসদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে।

আরএমপি কর্মকর্তা গাজিউর রহমান জানান, সকালে বিমানবন্দরের প্রধান ফটকের কাছে বস্তু দুটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে আরএমপির বোম ডিসপোজাল টিম ঘটনাস্থলে পৌঁছে বস্তু দুটিকে নিরাপদ দূরত্বে সরিয়ে নেয়। এগুলো পরীক্ষার পর নিশ্চিত হয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সারা দেশে ছাত্রলীগের ধর্মঘটের সাথে বিমানবন্দর এলাকার বস্তু উদ্ধার ও রামেক হাসপাতালের ঘটনার কোনো সম্পৃক্ততা রয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, পুরো বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন