নারায়ণগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মাদরাসা পরিদর্শনে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্স

নারায়ণগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মাদরাসা পরিদর্শনে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্স

নারায়ণগঞ্জের ফতুল্লায় জামিয়া আশরাফিয়া মাদরাসায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্স। মঙ্গলবার দুপুরে সংগঠনটির একটি প্রতিনিধি দল অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মাদরাসা ভবন পরিদর্শন করেন এবং অসুস্থ শিক্ষার্থীদের চিকিৎসার খোঁজখবর নেন।

বিজ্ঞাপন

প্রতিনিধি দলের নেতৃত্ব দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় রাজনৈতিক পর্ষদের সদস্য ও নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমীন এবং ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি মাহমুদ হাসান।

পরিদর্শনকালে সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমীন আহত শিক্ষার্থীদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন। পাশাপাশি তাঁদের প্রয়োজনীয় সহায়তা প্রদানের আশ্বাস দেন প্রতিনিধি দলের সদস্যরা।

এ সময় প্রতিনিধি দলের পক্ষ থেকে অসুস্থ শিক্ষার্থীদের দ্রুত সুস্থতা কামনা করা হয়। একই সঙ্গে তাঁদের সুচিকিৎসা নিশ্চিত করা এবং অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মাদরাসার পুনর্বাসনে সরকার ও দেশবাসীর আন্তরিক সহযোগিতা কামনা করা হয়। পরিদর্শনকালে সংগঠনটির কেন্দ্রীয়, জেলা ও স্থানীয় পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মাদরাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় সৃষ্ট বিষাক্ত ধোঁয়ায় অসুস্থ হয়ে ৬৩ জন শিক্ষার্থী ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন। তাঁদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। এদিকে, চিকিৎসকদের পক্ষ থেকে রোগীদের চিকিৎসায় মেডিকেল বোর্ড গঠনের তথ্য জানানো হয়েছে।

এ ঘটনায় অসুস্থ শিক্ষার্থীদের দ্রুত সুস্থতা কামনায় দেশবাসীর প্রতি দোয়ার আহ্বান জানিয়েছে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্স।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন