ব্যাটিং কোচের পদ থেকে মোহাম্মদ আশরাফুলকে সরিয়ে দেওয়ার পর নতুন দায়িত্বে দেখা যেতে যাচ্ছে সাবেক দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার ডেল মার্টিন বেনকেনস্টাইনকে। আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজের জন্য তাঁকে ব্যাটিং পরামর্শক হিসেবে নিয়োগ দিতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আপাতত শুধু এই সিরিজেই কাজ করবেন তিনি।
ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগে আশরাফুলকে ব্যাটিং কোচের দায়িত্ব থেকে অব্যাহতি দেয় বিসিবি। তাঁর জায়গায় ক্যারিবীয়দের বিপক্ষে সিরিজে অন্তর্বর্তীকালীন দায়িত্ব পালন করেন মোহাম্মদ সালাউদ্দিন। তবে দক্ষিণ আফ্রিকা সিরিজে দলের সঙ্গে থাকছেন না তিনি।
স্থায়ীভাবে নতুন ব্যাটিং কোচ নিয়োগের বিষয়ে বিসিবির আলোচনায় ছিলেন কয়েকজন সাবেক তারকা ক্রিকেটার। তাঁদের মধ্যে পাকিস্তানের মোহাম্মদ ইউসুফ ও দক্ষিণ আফ্রিকার হাশিম আমলার নামও উঠে এসেছিল। তবে শেষ পর্যন্ত তাঁদের কারও সঙ্গে চুক্তি করছে না বোর্ড। বরং বেনকেনস্টাইনকে আপাতত সিরিজভিত্তিক ব্যাটিং পরামর্শক হিসেবে দায়িত্ব দেওয়া হচ্ছে।
এদিকে দক্ষিণ আফ্রিকা সফরে দলের ফিল্ডিং কোচ হিসেবেও পরিবর্তন আসছে। জাতীয় দলের সঙ্গে থাকছেন না আশিক মজুমদার। তিনি দায়িত্ব পালন করবেন বাংলাদেশ ‘এ’ দলের সঙ্গে। তাঁর অনুপস্থিতিতে ফিল্ডিংয়ের দায়িত্ব সামলাবেন সহকারী কোচ মাকেতা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

