রেকর্ড অষ্টম শিরোপার সামনে খুলনা, জয়ে সিলেট-ময়মনসিংহের

রেকর্ড অষ্টম শিরোপার সামনে খুলনা, জয়ে সিলেট-ময়মনসিংহের

জাতীয় ক্রিকেট লিগের ষষ্ঠ রাউন্ড শেষে শিরোপা জয়ের সমীকরণ অনেকটাই নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে এসেছে খুলনা বিভাগ। ঢাকা বিভাগের বিপক্ষে রানবন্যার ম্যাচ ড্র করে ৩১ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে তারা। শেষ রাউন্ডে ড্র করলেই নিশ্চিত হবে রেকর্ড অষ্টম শিরোপা। অন্যদিকে মিম মোসাদ্দেকের অসাধারণ সেঞ্চুরিতে চট্টগ্রামের বিপক্ষে হার এড়িয়েছে রংপুর। ষষ্ঠ রাউন্ডের বাকি দুই ম্যাচে জয় পেয়েছে সিলেট ও ময়মনসিংহ।

বিজ্ঞাপন

২০১৯-২০ মৌসুমের পর আবারও এনসিএল ট্রফি জয়ের অপেক্ষায় খুলনা। রাজশাহীতে ঢাকার ৫১৩ রানের জবাবে নিজেদের প্রথম ইনিংসেও ঠিক ৫১৩ রানেই অলআউট হয় তারা। শেষ দিনে শেখ পারভেজ রহমান যোগ করেন ৪৬ রান। পরে দ্বিতীয় ইনিংসে আনিসুল ইসলামের ৭৬ ও আশিকুর রহমানের ৫১ রানে দিন পার করে ঢাকা। ছয় ম্যাচে তিন জয় ও তিন ড্রয়ে খুলনার সংগ্রহ ৩১ পয়েন্ট। ২৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে চট্টগ্রাম। ১৯ পয়েন্ট পাওয়া ঢাকা শিরোপার লড়াই থেকে ছিটকে গেছে।

খুলনার মাঠে রংপুরের হয়ে ব্যাট হাতে প্রতিরোধ গড়েন মিম মোসাদ্দেক। ৩১৭ বলের ইনিংসে ১৪৫ রান করে দলকে ইনিংস পরাজয়ের শঙ্কা থেকে মুক্ত করেন তিনি। ষষ্ঠ উইকেটে শিহাব জেমসের সঙ্গে গড়েন ১১৪ রানের জুটি। শিহাবের ব্যাট থেকে আসে ৫২ রান। এবারের লিগে ছয় ম্যাচেই পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলার বিরল কীর্তি গড়েছেন মিম। তাঁর মোট রান এখন ৭২৭।

রংপুরের ইনিংসে আলোচনার জন্ম দেয় আবদুল্লাহ আল মামুনের আউটও। হাসান মুরাদের বল ঠেকানোর পর পিচ থেকে হাত দিয়ে বল সরাতে গিয়ে ‘অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড’ আউট হন তিনি। প্রথম শ্রেণির ক্রিকেটে এমন আউট হওয়া তৃতীয় বাংলাদেশি ব্যাটার মামুন। এর আগে মুশফিকুর রহিম ও মার্শাল আইয়ুব এই অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন। ড্রয়ের ফলে চট্টগ্রামের প্রথম শিরোপার স্বপ্ন কঠিন হয়ে পড়েছে। শেষ ম্যাচে বোনাস পয়েন্টসহ জয়ের পাশাপাশি তাদের তাকিয়ে থাকতে হবে খুলনার বড় হারের দিকে।

এদিকে বগুড়ায় রাজশাহীকে ২৯৭ রানে হারিয়েছে সিলেট। ৪৬৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দ্বিতীয় ইনিংসে ১৬৫ রানেই গুটিয়ে যায় রাজশাহী। মেহেরব হোসেন করেন সর্বোচ্চ ৯১ রান। সিলেটের বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ ৭২ রান দিয়ে নেন ৫ উইকেট। প্রথম শ্রেণির ক্রিকেটে এটি তাঁর ১৫তম পাঁচ উইকেটের ইনিংস এবং ক্যারিয়ারের তৃতীয় ১০ উইকেটের ম্যাচ। জয়ে ২২ পয়েন্ট নিয়ে তিনে উঠে এসেছে সিলেট।

অন্যদিকে জাওয়াদ আবরারের প্রথম শ্রেণির ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিও বরিশালকে হার থেকে বাঁচাতে পারেনি। ২৪৪ বলে ১০৮ রান করেন এই তরুণ ওপেনার। মোহাম্মদ আবদুল্লাহর ব্যাট থেকে আসে ৫২ রান। তবু শেষ ইনিংসে ময়মনসিংহের সামনে লক্ষ্য দাঁড়ায় মাত্র ২৭। সহজেই তা পেরিয়ে ছয় ম্যাচে প্রথম জয়ের দেখা পায় তারা। ১৭ পয়েন্ট নিয়ে পাঁচে উঠেছে ময়মনসিংহ; মাত্র ৪ পয়েন্ট নিয়ে সবার নিচে বরিশাল।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন