জার্মানির পাল্টা পদক্ষেপের জবাবে সেন্ট পিটার্সবার্গে জার্মান কনস্যুলেট-জেনারেল বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে রাশিয়া। সোমবার রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এ সিদ্ধান্তের কথা জানায়। খবর রয়টার্সের।
এর আগে জার্মানি বন শহরে রাশিয়ার কনস্যুলেট এবং বার্লিনে একটি রুশ সাংস্কৃতিক কেন্দ্র বন্ধের সিদ্ধান্ত নেয়। এর প্রতিক্রিয়ায় মস্কো সেন্ট পিটার্সবার্গের জার্মান কনস্যুলেট বন্ধের সিদ্ধান্ত নিল।
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, আগামী ১৮ সেপ্টেম্বরের মধ্যে সেন্ট পিটার্সবার্গের জার্মান কনস্যুলেটকে কার্যক্রম বন্ধ করতে হবে।
এ ছাড়া রাশিয়ায় জার্মানির গ্যেটে ইনস্টিটিউটের সাংস্কৃতিক কেন্দ্রগুলোর কার্যক্রমও বন্ধের বিষয়টি নিশ্চিত করেছে মস্কো। এসব প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তাদের আগামী ১৩ সেপ্টেম্বরের মধ্যে রাশিয়া ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।
জার্মানি রুশ কনস্যুলেট ও সাংস্কৃতিক কেন্দ্র বন্ধের সিদ্ধান্ত নিয়েছিল লাইপজিগ/হালে বিমানবন্দরে ড্রোন হামলার চেষ্টা চালানোর জন্য মস্কোকে দায়ী করার পর। তবে রাশিয়া এই অভিযোগকে ‘অযৌক্তিক বানোয়াট’ বলে প্রত্যাখ্যান করেছে।
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, জার্মান কর্তৃপক্ষই আবারও দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কে উত্তেজনার নতুন পর্ব সৃষ্টি করেছে। এ পরিস্থিতির পরিণতির জন্য জার্মান সরকারকে সম্পূর্ণভাবে দায়ী বলেও উল্লেখ করেছে মস্কো।
এমএমআর
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


