ফিফা বিশ্বকাপের ফাইনাল ম্যাচে আজ নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে স্পেনের মুখোমুখি হচ্ছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। হাইভোল্টেজ এই ম্যাচের আগে আর্জেন্টিনার প্রতি প্রকাশ্যে সমর্থন জানিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
টাইমস অব ইসরাইল-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ইসরাইলে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত রাব্বি শিমন অ্যাক্সেল ওয়ানিশের সঙ্গে এক বৈঠকে নেতানিয়াহু এই সমর্থনের কথা জানান। বৈঠকে রাষ্ট্রদূত আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইর পক্ষ থেকে নেতানিয়াহুর জন্য একটি বিশেষ বার্তা পৌঁছে দেন।
জবাবে ইসরাইলের প্রধানমন্ত্রী বলেন, ‘হাভিয়ের, আপনি একজন সত্যিকারের বন্ধু। আপনি আমাদের ঘনিষ্ঠ বন্ধু। আমরা আর্জেন্টিনার পাশে আছি এবং নানা ক্ষেত্রেই তাদের সমর্থন করি। আগামীকালের ম্যাচের জন্যও শুভকামনা রইল। শুভকামনা আর্জেন্টিনার জন্য।’
অনেকেই রোববারের এই ফাইনাল ম্যাচকে একটি বিশেষ প্রতীকী গুরুত্বের ম্যাচ হিসেবে দেখছেন। কারণ, ইসরাইল ইস্যুতে স্পেনের রাজধানী মাদ্রিদ এবং আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আইরেসের অবস্থানের মধ্যে স্পষ্ট রাজনৈতিক পার্থক্য রয়েছে।
এ ছাড়া এই ম্যাচকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে আর্জেন্টিনার তারকা ফুটবলার লিওনেল মেসিকে নিয়ে সমালোচনামূলক মন্তব্য দেখা গেছে। পাশাপাশি কিছু ইহুদিবিদ্বেষী ষড়যন্ত্রতত্ত্ব ছড়ানোর ঘটনাও ঘটেছে।
সূত্র: টাইমস অব ইসরাইল
এএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


