ইরাকে চলমান দুর্নীতিবিরোধী অভিযানে প্রায় ২ দশমিক ৫ বিলিয়ন ডলার উদ্ধার করেছে দেশটির কর্তৃপক্ষ। এর মধ্যে নতুন করে জব্দ করা হয়েছে ২ দশমিক ৭ ট্রিলিয়ন ইরাকি দিনার, যার মূল্য প্রায় ১ দশমিক ৭ বিলিয়ন ডলার। এর আগে আরো ৭৮০ মিলিয়ন ডলার জব্দ করা হয়েছিল। সব মিলিয়ে উদ্ধার করা অর্থের পরিমাণ প্রায় ২ দশমিক ৫ বিলিয়ন ডলার।
ইরাক সরকারের মুখপাত্র হায়দার আল-আবুদি এ তথ্য জানিয়েছেন। তিনি এ অভিযানকে ‘নজিরবিহীন’ বলে উল্লেখ করেছেন। তার ভাষ্য, দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আদালতের দেওয়া রায়ের মধ্য দিয়ে অভিযানের ফলাফল স্পষ্ট হয়ে উঠছে। দোষী ব্যক্তিদের মধ্যে রাজনীতিবিদ, সংসদ সদস্য এবং প্রভাবশালী ব্যক্তিরাও রয়েছেন।
ইরাকি সংবাদ সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে আল-আবুদি বলেন, উদ্ধার করা অর্থ ২০২৭ সালের প্রস্তাবিত জাতীয় বাজেটে একটি তহবিলে জমা রাখা হবে। এই তহবিলের উদ্দেশ্য হলো ‘ভবিষ্যৎ প্রজন্মের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা এবং তেলের রাজস্ব ও রাষ্ট্রীয় কোষাগারকে শক্তিশালী করতে আর্থিক সহায়তা জোগানো’।
ইরাকে সাম্প্রতিক দুর্নীতিবিরোধী অভিযান মূলত জুরফ আল-সাখার এলাকাকে কেন্দ্র করে পরিচালিত হচ্ছে। বাগদাদের কাছের এই এলাকাটি ইরান-সংশ্লিষ্ট সশস্ত্র গোষ্ঠীগুলোর শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত।
এ এলাকায় তেল চোরাচালানের একটি বিস্তৃত চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগ উঠেছে দেশটির কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা ও নিরাপত্তা বিভাগের পরিচালকদের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, তারা এই চোরাচালান চক্রের কার্যক্রমে অংশ নিয়েছেন।
তবে ইরানপন্থি সশস্ত্র গোষ্ঠী কাতায়েব হিজবুল্লাহ তাদের বিরুদ্ধে ওঠা আইন লঙ্ঘনের অভিযোগ অস্বীকার করেছে। গোষ্ঠীটি বলেছে, সরকার ‘মিথ্যা অভিযোগ তৈরি করছে’।
এএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


