আকাশে উড়োজাহাজের গর্জন মানেই এতদিন ছিল জ্বালানি পোড়ার শব্দ। কিন্তু সেই পরিচিত দৃশ্য বদলে দেওয়ার পথে আরেক ধাপ এগিয়েছে চীন। এবার তেলের পরিবর্তে ব্যাটারির বিদ্যুতে চালিত ১৯ আসনের একটি যাত্রীবাহী উড়োজাহাজ পাইলটসহ পরীক্ষামূলক উড্ডয়ন সম্পন্ন করেছে। ২০২৬ সালের ১৪ নভেম্বর দেশটির শানডং প্রদেশের বিনঝৌ শহরে আকাশে ওড়ে ‘সিই-২৫এ’। এটি কেবল একটি নতুন উড়োজাহাজের পরীক্ষামূলক উড্ডয়ন নয়। বরং স্বল্প দূরত্বের বিমান চলাচলে জীবাশ্ম জ্বালানির বিকল্প তৈরির প্রচেষ্টায় গুরুত্বপূর্ণ মাইলফলক।
চীনের রাষ্ট্রায়ত্ত উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান কোম্যাক (Commercial Aircraft Corporation of China – COMAC) তৈরি করেছে এই বৈদ্যুতিক উড়োজাহাজ। প্রথম পাইলটসহ পরীক্ষামূলক উড্ডয়নে এতে ছিলেন দুজন পাইলট ও একজন ফ্লাইট টেস্ট ইঞ্জিনিয়ার। পুরো পরীক্ষামূলক কার্যক্রম চলে ৫৭ মিনিট ৪৬ সেকেন্ড। এর মধ্যে উড়োজাহাজটি ১৬ মিনিট ৩৮ সেকেন্ড আকাশে অবস্থান করে এবং পাড়ি দেয় ৬০ দশমিক ৪ কিলোমিটার। কোম্যাকের ভাষ্য, পরীক্ষার সময় উড়োজাহাজটির সব ব্যবস্থা স্বাভাবিকভাবে কাজ করেছে এবং পারফরম্যান্সের সূচকগুলো প্রত্যাশা অনুযায়ী ছিল। চীনের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (সিএএসি) প্রকাশিত তথ্যেও পরীক্ষাটির বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
‘সিই-২৫এ’কে তৈরি করা হয়েছে মূলত স্বল্প দূরত্বে এক শহর থেকে অন্য শহরে যাত্রী পরিবহনের জন্য। উড়োজাহাজটির সর্বোচ্চ উড্ডয়নকালীন ওজন ১০ মেট্রিক টন এবং এতে সর্বোচ্চ ১৯ জন যাত্রী বহনের ব্যবস্থা রয়েছে। নির্মাতার প্রকাশিত তথ্য অনুযায়ী, এর ক্রুজিং গতি ঘণ্টায় সর্বোচ্চ ৩০০ কিলোমিটার। উড্ডয়নের উচ্চতা প্রায় ২ হাজার ৪০০ মিটার এবং একবার চার্জে সম্ভাব্য উড্ডয়ন-পরিসর ৪০০ কিলোমিটার। অর্থাৎ বড় আন্তর্জাতিক রুটে চলাচলকারী যাত্রীবাহী জেটের বিকল্প হিসেবে নয়, বরং স্বল্প দূরত্বের আঞ্চলিক যোগাযোগের জন্যই উড়োজাহাজটি পরিকল্পনা করা হয়েছে। এর ডানায় সমন্বিত বৈদ্যুতিক পাখা বা ফ্যানভিত্তিক প্রপালশন ব্যবস্থা যুক্ত করা হয়েছে, যা ব্যাটারির বিদ্যুৎকে উড্ডয়নের শক্তিতে রূপান্তর করে।
এই প্রকল্পের বিশেষত্ব শুধু বিদ্যুৎচালিত ইঞ্জিনে নয়; এর পেছনে রয়েছে একাধিক প্রতিষ্ঠানের প্রযুক্তিগত সহযোগিতা। কোম্যাকের সঙ্গে কাজ করেছে বিশ্বের অন্যতম বড় ব্যাটারিনির্মাতা চীনের কনটেম্পোরারি অ্যাম্পেরেক্স টেকনোলজি কোম্পানি লিমিটেড (সিএটিএল), সাংহাই জিয়াও টং বিশ্ববিদ্যালয় এবং আরো কয়েকটি প্রতিষ্ঠান। ফলে উড়োজাহাজটির নকশা, বৈদ্যুতিক চালনা ব্যবস্থা, ব্যাটারি প্রযুক্তি ও পরীক্ষামূলক উন্নয়নে একাধিক খাতের দক্ষতা যুক্ত হয়েছে। বিশেষ করে সিএটিএলের সম্পৃক্ততা গুরুত্বপূর্ণ। কারণ বৈদ্যুতিক উড়োজাহাজের সফলতা অনেকাংশেই নির্ভর করে কম ওজনে বেশি শক্তি ধরে রাখতে সক্ষম নিরাপদ ব্যাটারির ওপর।
পাইলটসহ উড্ডয়নের আগে সিই-২৫এ চালকবিহীন স্বয়ংক্রিয় উড্ডয়ন পরীক্ষাও সম্পন্ন করেছে। চলতি বছরের ২ ফেব্রুয়ারি প্রথমবারের মতো চালকবিহীন অবস্থায় আকাশে ওড়ে এটি। এরপর বিভিন্ন পর্যায়ে মোট ১৯টি চালকবিহীন পরীক্ষামূলক উড্ডয়ন সম্পন্ন হয়। সেই অভিজ্ঞতার পর এবার মানুষের উপস্থিতিতে উড্ডয়ন পরীক্ষা পরিচালনা করা হলো। বিমানটির নির্মাতা প্রতিষ্ঠান বাণিজ্যিকভাবে যাত্রী পরিবহনের অনুমোদন পাওয়ার লক্ষ্যে সনদের আবেদন করেছে। চীনের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সেই আবেদন গ্রহণ করেছে। তবে আবেদন গ্রহণ আর বাণিজ্যিক উড্ডয়নের অনুমোদন এক বিষয় নয়। নিরাপত্তা, কাঠামোগত সক্ষমতা, ব্যাটারি ও বৈদ্যুতিক ব্যবস্থার নির্ভরযোগ্যতা এবং বিভিন্ন পরিস্থিতিতে উড্ডয়নযোগ্যতা যাচাইয়ের পরই চূড়ান্ত সনদ পাওয়া সম্ভব। ফলে এখনই এই উড়োজাহাজে সাধারণ যাত্রীর টিকিট কাটার সুযোগ তৈরি হয়নি।
বৈদ্যুতিক উড়োজাহাজ নিয়ে বিশ্বের আগ্রহের অন্যতম কারণ পরিবেশদূষণ কমানোর সম্ভাবনা। আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (আইসিএও) তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী কার্বন ডাই-অক্সাইড নিঃসরণের প্রায় ২ দশমিক ৪ শতাংশের জন্য দায়ী বিমান চলাচল। বিমান চলাচল বাড়ার সঙ্গে সঙ্গে এই খাতের পরিবেশগত প্রভাবও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। প্রচলিত জেট ইঞ্জিনে জ্বালানি পোড়ানোর প্রয়োজন হয়। অন্যদিকে সম্পূর্ণ ব্যাটারিচালিত উড়োজাহাজ আকাশে চলার সময় সরাসরি কার্বন ডাই-অক্সাইড নির্গমন করে না। পাশাপাশি বৈদ্যুতিক মোটরে যান্ত্রিক অংশ তুলনামূলকভাবে কম থাকায় রক্ষণাবেক্ষণ ব্যয় ও শব্দদূষণ কমানোর সম্ভাবনাও রয়েছে। তবে পরিবেশগত সুফল নির্ভর করবে বিদ্যুৎ উৎপাদনের উৎসের ওপর। বিদ্যুৎ যদি কয়লা বা জীবাশ্ম জ্বালানিনির্ভর কেন্দ্র থেকে আসে, তাহলে পুরো ব্যবস্থার কার্বন নিঃসরণ একেবারে শূন্য হবে না।
তবে বৈদ্যুতিক উড়োজাহাজের সবচেয়ে বড় বাধা এখনো ব্যাটারি। একটি উড়োজাহাজকে মাটি থেকে ওপরে তুলতে এবং দীর্ঘ সময় আকাশে ধরে রাখতে বিপুল শক্তির প্রয়োজন হয়। অথচ প্রচলিত জেট জ্বালানির প্রতি কেজিতে সঞ্চিত শক্তি আধুনিক লিথিয়াম-আয়ন ব্যাটারির তুলনায় বহুগুণ বেশি। কেয়ার্নি এনার্জি ট্রানজিশন ইনস্টিটিউটের ২০২৫ সালের এক বিশ্লেষণে জেট জ্বালানির শক্তিঘনত্ব প্রায় ১২ হাজার ওয়াট-ঘণ্টা প্রতি কেজি এবং প্রচলিত ব্যাটারির ক্ষেত্রে প্রায় ২৫০–৩০০ ওয়াট-ঘণ্টা প্রতি কেজির তুলনা তুলে ধরা হয়েছে। অর্থাৎ একই ওজনে জেট জ্বালানি অনেক বেশি শক্তি সরবরাহ করতে পারে। ব্যাটারির ওজনও উড্ডয়নের পুরো সময় অপরিবর্তিত থাকে। কিন্তু জ্বালানি পুড়ে কমতে থাকায় প্রচলিত বিমানের ওজন ধীরে ধীরে কমে। ফলে বড় ও দীর্ঘপাল্লার উড়োজাহাজে ব্যাটারির ব্যবহার এখনো কঠিন। এর সঙ্গে রয়েছে অতিরিক্ত তাপ, ব্যাটারির অগ্নিঝুঁকি, চার্জিং অবকাঠামো এবং দীর্ঘমেয়াদি নিরাপত্তা নিশ্চিত করার চ্যালেঞ্জ।
সিই-২৫এ এই সীমাবদ্ধতার মধ্যেই একটি বাস্তবসম্মত ক্ষেত্র বেছে নিয়েছে—স্বল্প দূরত্বের আঞ্চলিক বিমান চলাচল। তবে নির্মাতার ঘোষিত ৪০০ কিলোমিটার পরিসরকে পরীক্ষামূলক উড্ডয়নে প্রমাণিত দূরত্ব হিসেবে দেখা যাবে না। প্রথম পাইলটসহ পরীক্ষায় বিমানটি ৬০ দশমিক ৪ কিলোমিটার উড়েছে। সর্বোচ্চ পরিসর, পূর্ণ যাত্রী ও মালামাল বহন, আবহাওয়ার প্রভাব, ব্যাটারির চার্জ ধরে রাখার ক্ষমতা এবং জরুরি পরিস্থিতিতে নিরাপত্তা—এসবের জন্য আরো পরীক্ষা প্রয়োজন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন



